প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাবনার বেড়ায় পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দীন খাজাকে বহিষ্কার করা হয়েছে। পাবনা জেলা বিএনপি তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে। রবিবার (২২ নভেম্বর) রাতে জেলা বিএনপির প্যাডে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মঈন উদ্দীন খাজার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে, যার ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে, দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের অনুমোদন সাপেক্ষে জেলা বিএনপির দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত মো. আলাউদ্দিন সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
মঈন উদ্দীন খাজার অনুসারীরা দাবি করেছেন, গত ১৮ থেকে ২১ নভেম্বর বেড়া পৌর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে তিনি নেতাকর্মীদের নিয়ে মাঠে সক্রিয় ছিলেন। তাকে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়নে বাধা দিতে নেতৃত্ব দিতে দেখা গেছে। তারা তাকে বিএনপির একজন ত্যাগী নেতা হিসেবে উল্লেখ করেছেন, যিনি দলের জন্য অনেক অবদান রেখেছেন।
একজন আসলাম মল্লিক নামের ব্যক্তি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘খাজা ভাইকে বহিষ্কার করে জেলা বিএনপি প্রমাণ করল, তারা সাংগঠনিক কাজ ভালোভাবে পরিচালনা করতে পারে না। তারা পারে ত্যাগী নেতাদের দূরে সরিয়ে দিতে।’
আরেকজন ইব্রাহিম মন্তব্য করেছেন, ‘৫ আগস্টের পূর্বের ত্যাগী নেতারা আজ ৫ আগস্টের পরের হাল নেতাদের কাছে বহিষ্কার হচ্ছেন, এটা খুবই দুঃখজনক।’
বহিষ্কারের বিষয়ে মঈন উদ্দীন খাজা বলেছেন, ‘গত ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লকডাউন যেন করতে না পারে, সেই লক্ষ্যে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে নেমেছিলাম। প্রতিটি জায়গায় তাদের প্রতিহত করেছি। তারপরও আমাকে বহিষ্কার করা হয়েছে। আমি আশাবাদী শিগগিরই দলের ভুল ভাঙবে, বহিষ্কারাদেশ প্রত্যাহার হবে।’
তিনি আরও বলেন, ‘আমি জাতীয়তাবাদী দল করি। জীবনের একবিন্দু রক্ত থাকা পর্যন্ত বিএনপি করব। আমি কারো পৈতৃক দল করি না, কোনো এমপির দলও করি না। আমি তারেক রহমানের দল করি, মরহুম বেগম খালেদা জিয়ার দল করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি। আজীবন বিএনপি করে যাব, ইনশাআল্লাহ।’
পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওখানে তো লেখাই রয়েছে কি কারণে বহিষ্কার করা হয়েছে। নতুন করে বলার কিছু নেই।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন