প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর পানিবদ্ধতা সমস্যা সমাধান ও খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনার উদ্দেশ্যে ডগাইর-বামৈল এলাকায় ৯ দশমিক ২৫ কিলোমিটার খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। গতকাল বুধবার এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এই কার্যক্রমটি আগামী দুই মাসের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং এর আওতায় প্রায় ৪৪ হাজার ঘনমিটার সøাজ ও বর্জ্য অপসারণ করা হবে। প্রকল্পের অধীনে কোনাপাড়া-গলাকাটা খাল, ডগাইর খাল, মহাকাশ রোড খাল এবং সংশ্লিষ্ট শাখা খালগুলো পরিষ্কার ও পুনঃখনন করা হবে। এর মধ্যে কোনাপাড়া ব্রিজ থেকে গলাকাটা ব্রিজ পর্যন্ত ৪ দশমিক ৫ কিলোমিটার, স্টাফ কোয়ার্টার থেকে ২ দশমিক ৫ কিলোমিটার, মহাকাশ রোড সংলগ্ন ০ দশমিক ৭৫ কিলোমিটার এবং আজিমউদ্দিন জামে মসজিদ পর্যন্ত ১ দশমিক ৫ কিলোমিটার খাল অন্তর্ভুক্ত রয়েছে। খালগুলোর প্রস্থ ১২ থেকে ২৫ ফুট।
ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম মন্তব্য করেন, "কোনাপাড়া ও গলাকাটা খালসহ আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে পানিবদ্ধতার ভোগান্তিতে রয়েছেন। তাদের এই দুর্ভোগ লাঘবে খাল পরিষ্কার ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।" খাল পরিষ্কারের পর দুই পাশ বাঁধাই করে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনাও রয়েছে। তিনি বলেন, "এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।"
এলাকাবাসীকে খালগুলো পুনরায় দখল বা দূষণের শিকার না হওয়ার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, "খালে কেউ যেন পলিথিন ও আবর্জনা না ফেলেন, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।" খাল দখলমুক্ত ও পরিষ্কার রাখতে এলাকাবাসীর সক্রিয় সহযোগিতা প্রয়োজন; কারণ পানিবদ্ধতায় আশপাশের বাসিন্দারাই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন। জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে প্রয়োজন অনুযায়ী কালভার্ট নির্মাণের আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, "সিটি করপোরেশনের অর্থায়নে প্রয়োজনীয় স্থানে কালভার্ট নির্মাণ করা হবে, যাতে মানুষ সহজে খালের এপার-ওপার যাতায়াত করতে পারেন।" তবে খালের জায়গায় কোনো অবৈধ কালভার্ট, বাড়িঘর কিংবা ব্যবসাপ্রতিষ্ঠান বরদাশত করা হবে না। একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ডিএসসিসির অঞ্চল-৮ ও ৯-এর অধীন ৬৪, ৬৭ ও ৬৮ নম্বর ওয়ার্ডের এই কার্যক্রম বাস্তবায়িত হলে প্রায় আট লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন। খালগুলোর পানিপ্রবাহ স্বাভাবিক হলে বর্ষা মৌসুমে পানিবদ্ধতা কমার পাশাপাশি মশার প্রজননস্থল হ্রাস ও ডেঙ্গু প্রতিরোধে ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া খালের পাড়ের পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচিও বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ স্থানীয় নাগরিকগণ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন