প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগের সম্প্রসারণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে সহযোগিতার জন্য অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার গুরুত্বও তুলে ধরেন।
বৃহস্পতিবার, তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অ্যান্থনি আলবানিজকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। আলবানিজ জবাবে আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও তারেক রহমানকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীও সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বৃদ্ধি, কৃষি খাতের উন্নয়ন এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশগুলোর, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কপ-৩১-এর চলমান আলোচনায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকার প্রশংসাও করেন।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী অস্ট্রেলীয় বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া, দুই দেশের কৃষি খাতের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়।
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে অস্ট্রেলিয়ার কূটনৈতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন।
প্রধানমন্ত্রী বলেন, "রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত।"
বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সরকারের উদ্যোগ ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের।
এছাড়া, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, এসব উদ্যোগের মধ্যে দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণ এবং খাল খনন কর্মসূচির বিষয়টিও।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন