প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশের মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্যব্যবস্থায় একটি বড় পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে সরকার। এই প্রেক্ষাপটে, স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও কার্যকর করার জন্য বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ এবং থাইল্যান্ডের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালের আদলে ওয়ান-স্টপ ইমার্জেন্সি সার্ভিস মডেল চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিএমইউ’র এই সুপার স্পেশালাইজড হাসপাতাল আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গরূপে চালু হবে। তবে এটি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির মাধ্যমে পরিচালিত হবে। হাসপাতালের জন্য একটি আলাদা পরিচালনা পর্ষদ দ্রুত গঠন করা হবে। নিয়োগপ্রাপ্ত কর্মীরা প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ পাবেন না।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী জানিয়েছেন, ‘আশা করছি আগামী দুই থেকে তিন মাসের মধ্যে হাসপাতালটি পূর্ণাঙ্গরূপে চালু করতে পারব। প্রাইভেট লিমিটেড কোম্পানির মাধ্যমে পরিচালিত হবে এ হাসপাতালটি।’ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিএমইউর উপাচার্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে একজন উপ-উপাচার্যকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এছাড়া, হাসপাতালের নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও অন্যান্য সহায়ক সেবা প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে দক্ষ প্রতিষ্ঠানের কাছে আউটসোর্স করা হবে। বিএমইউ’র বর্তমান চিকিৎসক ও নার্সরা এখানে কাজ করবেন না। চিকিৎসক, নার্সসহ অন্যান্য জনবল বাইরে থেকে নিয়োগ দেওয়া হবে। সরকারি চাকরি ছেড়ে এখানে যোগ দিতে আগ্রহী হলে তারা পারবেন। সব জনবলই চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন।
নতুন কাঠামোয় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ না দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এর বিনিময়ে হাসপাতাল থেকেই তাদের ভালো বেতন ও অন্যান্য আর্থিক সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন, ‘আগামী ৮ অক্টোবর সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে। এর পরই যতদ্রুত সম্ভব প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘যত দ্রত সম্ভব সুপার স্পেশালাইজড হাসপাতালটি চালু করব। তবে এটি ধাপে ধাপে চালু করতে হবে, কারণ হাসপাতালের অনেক কিছুই সংস্কার করতে হবে। আমরা সব কিছু নিয়ম মেনে করতে চাই।’
সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালনা সহজ করার জন্য এবং চিকিৎসা শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে গত ১৩ জুলাই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দেশে উচ্চতর চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ অনুযায়ী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
বিএমইউর কর্মকর্তাদের সাথে আলোচনার মাধ্যমে জানা গেছে, বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালটি পরিচালিত হবে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির মাধ্যমে। এখানে বিশ্ববিদ্যালয়ের ৯০ শতাংশ এবং সরকারের ১০ শতাংশ শেয়ার থাকবে। হাসপাতালের প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতেই এই করপোরেট মডেল প্রয়োজন। এতে ভালো বেতন দিয়ে যোগ্য ও দক্ষ চিকিৎসকদের আনা সহজ হবে। হাসপাতালটি চালু হলে দেশের মানুষের বিশেষায়িত চিকিৎসাসেবা গ্রহণের জন্য বিদেশ গমনের প্রবণতা কমবে।
এর আগে, সুপার স্পেশালাইজড হাসপাতালটি পুরোদমে চালু করার জন্য এবং সব ধরনের জটিলতা নিরসন করতে গত ১১ মে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বিএমইউ উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদকে আহ্বায়ক এবং হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সীকে সদস্যসচিব করে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
বিশ্বমানের সেবা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালে কার্ডিও অ্যান্ড সেরিব্রোভাসকুলার সেন্টার, হেপাটোবিলিয়ারি অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সেন্টার, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা সেন্টার, কিডনি রোগ ও ইউরোলজি সেন্টার এবং জরুরি ও ট্রমা সেন্টারের মতো পাঁচটি বিশেষায়িত কেন্দ্র থাকবে। এছাড়া, হাসপাতালটিতে ১৪টি অপারেশন থিয়েটার, ১০০ শয্যার আইসিইউ, ১০০ শয্যার জরুরি ইউনিট, ছয়টি ভিভিআইপি কেবিন, ২২টি ভিআইপি কেবিন এবং ২৫টি ডিলাক্স কেবিন থাকবে।
প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে দেশি-বিদেশি দক্ষ জনবল নিয়োগের জন্য হাসপাতালটিতে স্থায়ী নিয়োগের পরিবর্তে সব নিয়োগই হবে চুক্তিভিত্তিক। ১ হাজার ৮৬৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৭৫০ শয্যার এই হাসপাতাল ২০২২ সালের সেপ্টেম্বরে উদ্বোধন হয়। তবে এখন পর্যন্ত এর জন্য নির্দিষ্ট জনবল নিয়োগ দেওয়া হয়নি। বিএমইউর বর্তমান কর্মী ও বাজেট দিয়েই এখানে সীমিত পরিসরে সেবা দেওয়া হচ্ছে। সূত্র: বাসস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন