প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মোহাম্মদ সাহাবুদ্দিন তিন বছর তিন মাস আগে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের দিন থেকে এই পদের মেয়াদ পাঁচ বছর বলে নির্ধারিত।
বুধবার (২২ জুলাই) দেশের বিভিন্ন পত্রিকায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ করার সম্ভাবনা নিয়ে খবর প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রপতি শিগগিরই পদত্যাগ করতে পারেন।
বাংলাদেশের নানা গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাব্য কারণ হিসেবে শারীরিক অসুস্থতা উল্লেখ করা হতে পারে।
একইসঙ্গে, সরকার ও বিএনপির সংশ্লিষ্ট সূত্রের ঝলক দেখিয়ে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের মেয়াদকালীন নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের জন্য বিএনপির উচ্চ পর্যায় থেকে ইতোমধ্যে বার্তা দেয়া হয়েছে। রাষ্ট্রপতির সম্ভাব্য উত্তরসূরি নিয়েও উচ্চ পর্যায়ে আলোচনা চলমান রয়েছে বলেও প্রকাশিত সংবাদপত্রগুলোতে উল্লেখ করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনিও রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন সম্পর্কে শুনেছেন বলে জানান। সাংবাদিকদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনি নিজেই বললেন এটা একটা গুঞ্জন শোনা যাচ্ছে, তো গুঞ্জন তো গুঞ্জনই। আর এটা যদি ঘটনা হয় সেটাতো আমরাও দেখবো।’
সাংবাদিকরা গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে উল্লেখ করলে তিনি প্রশ্ন করেন, ‘গণমাধ্যমে আসছে? হতে পারে, আপনারা রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করেন।’
ভবিষ্যৎ প্রক্রিয়া নিয়ে জানতে চাইলে তিনি বলেন, যদি রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে পদত্যাগ করতে চান অথবা স্বাস্থ্যগত কারণে, তাহলে তার সেটি করার অপশন রয়েছে।
সরকারের কোন পদক্ষেপ গ্রহণ করা হবে কি না এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারের কোনো পদক্ষেপ নাই এখানে।’
রাষ্ট্রপতির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত সাংবাদিকরা উল্লেখ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারের তরফ থেকে কিছু বলা হচ্ছে না। আপনারা পত্রিকায় দেখছেন যে গুঞ্জন শোনা যাচ্ছে, আমিও শুনছি।’
রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করছেন কিনা এমন প্রশ্ন ওঠতেই তিনি রাষ্ট্রপতিকেই প্রশ্ন করতে বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি চিকিৎসার জন্য কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন, তো চিকিৎসা তো নিতেই পারেন।’
কিন্তু যদি রাষ্ট্রপতি পাঁচ বছরের নির্ধারিত মেয়াদের আগে পদত্যাগ করেন, তাহলে পরবর্তী আইনি প্রক্রিয়া কেমন হবে, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন ও এসব বিষয়ে মানুষের মাঝে কৌতুহল রয়েছে। রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র দেবেন অথবা তার অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করবেন- এই বিষয়গুলোও আলোচনা চলছে।
সংবিধান বিশেষজ্ঞরা মনে করেন, রাষ্ট্রপতির পদ শূন্য হলে জাতীয় সংসদের স্পিকার পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক বলেন, ‘নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর রাষ্ট্রপতি নির্বাচন হবে। ম্যাক্সিমাম তিন মাসের মধ্যে সংসদে নির্বাচন হতে হবে।’
রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে?
বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী, একজন রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর। সর্বোচ্চ দুই বার দায়িত্ব পালন করতে পারেন।
২০২৩ সালের ২৪শে এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন মোহাম্মদ সাহাবুদ্দিন। তাঁর দায়িত্ব গ্রহণের সময় আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন তিনি।
রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম অনুযায়ী, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সময়ের হিসাবে প্রায় তিন বছর তিন মাস ধরে এই পদটিতে রয়েছেন। তার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৮ সালের এপ্রিলে।
এখন যদি রাষ্ট্রপতি মেয়াদের আগেই পদত্যাগ করতে চান তবে সে জন্য পরবর্তী আইনি প্রক্রিয়া সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে বলে জানান সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক।
মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করতে হলে তিনি এখন সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পত্র জমা দিতে হবে বলে জানান তিনি।
রাষ্ট্রপতি পদের মেয়াদ সম্পর্কে সংবিধানের ৫০ এর তিন অনুচ্ছেদের উল্লেখ করে জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক জানান, ‘স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে রাষ্ট্রপতি স্বীয় পদ ত্যাগ করতে পারবেন।’
রাষ্ট্রপতির পদত্যাগের কারণ উল্লেখ করে দেওয়া পত্রটি খুবই ছোট হয়ে থাকে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘ওনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন। স্বেচ্ছায় হোক বা চাপে পড়ে হোক, যেটাই হোক উনি লিখবেন, আমি স্বাস্থ্যগত বা ব্যক্তিগত কারণে পদত্যাগ করলাম। পদত্যাগ তাত্ক্ষণিক কার্যকর হয়। এটি সাধারণত দুই লাইনের চিঠি হয়। সাধারণত ব্যক্তিগত কারণই উল্লেখ করেন সকলে।’
এছাড়া রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেওয়ার সাথে সেটি গ্রহণ বা গ্রহণ না করার কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন এই জ্যেষ্ঠ আইনজীবী।
তিনি জানান, ‘এসবে পদে পদত্যাগপত্র হ্যান্ডওভার করলেই কার্যকর হয়ে যায়। মানে পদত্যাগপত্রটা স্পিকারের কাছে পৌঁছালে স্পিকার একই সঙ্গে কার্যকর হিসেবে গণ্য হবে। মেনে নেওয়ার বা না মেনে নেওয়ার কোনো স্কোপ নেই। পদত্যাগপত্র লেখার সাথে সাথে এটি গ্রহণীয় হবে।’
পদত্যাগপত্র জমা দেওয়ার পরে পরবর্তী পদক্ষেপ কী হবে?
রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেওয়ার পর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের এই পদ শূন্য থাকবে না বলে জানান শাহদীন মালিক। সংবিধানের ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, অনুপস্থিতি প্রভৃতির কারণে রাষ্ট্রপতি পদে স্পিকার থাকবেন।
এতে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হলে সে ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত, কিংবা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।’
এই অনুচ্ছেদটির ব্যাখ্যা করে আইনজীবী বলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগ করার বা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্যবর্তী সময়ে স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।’
যদি রাষ্ট্রপতি পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করেন, তবে ওই পদ শূন্য থাকবে না। অস্থায়ী রাষ্ট্রপতি থাকবেন এবং সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করা হবে বলে উল্লেখ করেন তিনি। সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদে এই নির্বাচন অনুষ্ঠানের সময় সম্পর্কে বলা হয়েছে।
এই অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদের মেয়াদ শেষ হওয়ার কারণে যদি পদ শূন্য হয়, তাহলে মেয়াদ শেষের তারিখের আগে ৯০ দিনের অথবা সর্বনিম্ন ৬০ দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
তবে এই নির্বাচন সম্পর্কে কিছু শর্ত উল্লেখ করা হয়েছে।
এতে বলা হচ্ছে, যে সংসদ রাষ্ট্রপতিকে নির্বাচিত করেছে, সেই সংসদের মেয়াদ শেষের কারণে যদি রাষ্ট্রপতির পদ খালিই হয়, তবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত নতুন রাষ্ট্রপতির নির্বাচন করা যাবে না।
একইসঙ্গে, জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরে নতুন সংসদের প্রথম বৈঠকের দিন থেকে ৩০ দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন করতে হবে।
এছাড়া রাষ্ট্রপতির মৃত্যু, পদত্যাগ বা অপসারণ হলে নির্বাচনের বিষয়ে সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ উল্লেখ করে বলা হয়েছে, ‘মৃত্যু, পদত্যাগ বা অপসরণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হয়ে গেলে পদটি শূন্য হবার পর নব্বই দিনের মধ্যে সেটি পূর্ণ করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।’
জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক ব্যাখ্যা করে বলেন, ‘সংবিধানের ১২৩ অনুচ্ছেদে বলা হয়েছে, পদত্যাগ করলে বা রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ নতুন রাষ্ট্রপতিকে নির্বাচিত করবে। সর্বোচ্চ তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিন মাস বা দুই মাস, যেটাই হয় সর্বোচ্চ তিন মাসের মধ্যে।’
প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনের আগে, ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মোহাম্মদ সাহাবুদ্দিন দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময়ে তার বিরুদ্ধে অনেক অভিযোগ সংবাদমাধ্যমে উঠে এসেছিল।
পরবর্তীতে ইসলামী ব্যাংকের সর্বোচ্চ একটি পদে থাকাবস্থায় রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পান তিনি। পরে ওই পদ থেকে পদত্যাগ করেন।
চব্বিশের পাঁচই অগাস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের কারণে জুলাই আন্দোলনের ছাত্র নেতৃত্বসহ বিভিন্ন পক্ষ থেকে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জানান হয়।
সে সময় বিএনপি রাষ্ট্রপতি পদে তার বহাল থাকার পক্ষে অবস্থান নিয়েছিল।
আওয়ামী লীগের সময়ের রাষ্ট্রপতি হলেও মোহাম্মদ সাহাবুদ্দিন বিগত জাতীয় সংসদ ভেঙে দেওয়া পর আটই অগাস্ট অন্তর্বর্তী সরকারের শপথ পড়ান। যদিও সে সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাঁর পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাওসহ নানা কর্মসূচি পালন করেছিলেন।
সে সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মৌখিক নির্দেশনায় বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেট অফিস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলা হয়েছিল।
পরে ২০২৫ সালের ১২ই ডিসেম্বর মোহাম্মদ সাহাবুদ্দিন ‘তিনি অপমানিত হয়েছেন’ বলে বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকারে বলেছিলেন।
সে সময় হোয়াটসঅ্যাপে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি চলে যেতে চাই। এখান থেকে বেরিয়ে যেতেই আমি আগ্রহী।’
সব দূতাবাস, কনস্যুলেট থেকে রাতারাতি তার ছবি সরিয়ে নেওয়ার ঘটনাটি উল্লেখ করে ওই সাক্ষাৎকারে তিনে বলেছিলেন, ‘মানুষের কাছে এর মাধ্যমে একটি ভুল বার্তা যায় যে হয়তো রাষ্ট্রপতিকেই সরিয়ে দেওয়া হতে যাচ্ছে। এটি আমাকে গভীরভাবে অপমানিত করেছে।’
গত ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বড় বিজয় পাওয়ার পর বিএনপি সরকার গঠনের পর থেকেই রাষ্ট্রপতি পরিবর্তন নিয়ে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। রাষ্ট্রপতি পদে বিএনপির বিভিন্ন সিনিয়র নেতার নামও আলোচনা হচ্ছিল চলতি বছরের মার্চে।
কিন্তু তখন বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা বলেন, বর্তমানে রাষ্ট্রপতির মেয়াদের যে সময় বাকি আছে, সে বিষয়ে তাদের মধ্যে কোনো আলোচনা হয়নি।
কিন্তু মাত্র চার মাস পরেই রাষ্ট্রপতি পরিবর্তন নিয়ে আলোচনা আবার শুরু হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন