প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শ্রমিকদের অসন্তোষের কারণে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ২১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারার আওতায় ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এর বাইরে, আরও দুটি কারখানায় সাধারণ ছুটি রয়েছে।
সোমবার সকালে শ্রমিকেরা নির্ধারিত সময়ে কারখানায় প্রবেশ করলেও, বেশ কিছু কারখানায় তাঁরা কাজ না করে কর্মবিরতি পালন করেন। এরপর শ্রমিকদের অসন্তোষের আশঙ্কায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
এদিকে, সকাল সোয়া ৯টার দিকে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের নিশ্চিন্তপুর এলাকায় একদল বিক্ষোভকারী সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এই সময় তাঁরা একটি বাসের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। আশপাশের কয়েকটি কারখানাতেও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় তিন শ্রমিক আহত হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, কর্তৃপক্ষ আশুলিয়ার বিভিন্ন স্থানে ২১টি কারখানায় ছুটি ঘোষণা করেছে। তিনি আরও উল্লেখ করেন, চলমান আন্দোলনের কারণে শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারায় হামীম, এনভয়, নিট এশিয়া, নেক্সট কালেকশনসহ ২২টি কারখানা বন্ধ রয়েছে। পাশাপাশি, দুটি কারখানায় সাধারণ ছুটি রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও শিল্পাঞ্চল পুলিশের সূত্রে জানা যায়, সকালে শ্রমিকেরা নির্ধারিত সময়ে কারখানায় প্রবেশ করেন। তবে কিছু কারখানায় শ্রমিকেরা কাজ না করে বসে থাকলে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। পরে আশপাশের আরও কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
বেলা সোয়া ১২টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া খুদে বার্তায় জানান, সকালে নিশ্চিন্তপুর এলাকায় নিউ এজ গ্রুপের কারখানার উচ্ছৃঙ্খল শ্রমিকেরা প্রথমে শিক্ষার্থীদের পরিবহন করা একটি বাসে হামলা করেন। পরে পাশের কারখানায় হামলা চালালে তাঁদের সরে যেতে বলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি সাউন্ড গ্রেনেড ও একটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়।
তিনি আরও জানান, শ্রমিকদের ছোড়া ইটপাটকেলসহ বিভিন্ন বস্তুর আঘাতে তিনজন শ্রমিক আহত হয়েছেন। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং তাঁদের অবস্থা ভালো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন