প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর খিলক্ষেতের কুড়িটোলা স্কুলরোড এলাকা থেকে ১২ বছরের মো. হাবিবুল্লাহ নাঈম নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শিশুটির মা মোছা. শরীফা খাতুন খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নাঈমের পরিবারের সদস্যরা জানায়, বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে ১৭ নম্বর ওয়ার্ডের কুড়িটোলা স্কুলরোডের ভাড়া বাসা থেকে রাগ করে বেরিয়ে যায় নাঈম। এর আগে তার ছোট ভাই আদিলের সঙ্গে ঝগড়া হয়। মা তাকে বকাঝকা করার পর অভিমান করে বাসা থেকে বেরিয়ে যায় সে।
পরিবারের সদস্য ও স্বজনরা আশপাশের এলাকা, আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও নাঈমের সন্ধান পাননি। তার সঙ্গে থাকা মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
নাঈমের চাচা গোলাম হুসাইন বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়ার পর নাঈমকে তার মা বকাঝকা করেন। এরপর সে রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে থানায় জিডি করা হয়েছে।’
শিশুটিকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।
এদিকে পরিবারের করা আবেদনের তথ্যমতে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে তাদের কাছে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে দাবি করা হয়, নাঈম তাদের হেফাজতে রয়েছে। ওই সময় ফোনে শিশুটির কান্নার শব্দও শোনা যায় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
অজ্ঞাত ব্যক্তি ফোনে নাঈমকে শারীরিক নির্যাতন করে একটি বাথরুমে আটকে রাখার কথা বলে। পরে ‘হাজী বাড়ি ক্যাম্প এলাকায়’ অবস্থানের কথা জানিয়ে ফোনটি কেটে দেওয়া হয়। এরপর ওই নম্বরে আর যোগাযোগ করা সম্ভব হয়নি বলে পরিবার জানিয়েছে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব আল হোসাইন বলেন, ‘থানায় জিডি হয়েছে। শিশুটিকে খুঁজে বের করতে আমরা কাজ করছি।’
নাঈমের বাবা মো. বাবুল ইসলাম ও মা মোছা. শরীফা খাতুন। তাদের গ্রামের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার হাজনা নাটোর গ্রামে। বর্তমানে তারা খিলক্ষেতের কুড়িটোলা স্কুলরোড এলাকায় বসবাস করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন