প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : শনিবার গুয়াতেমালার আদিবাসীরা নোবেলজয়ী লেখক মিগেল অ্যাঞ্জেল আস্তুরিয়াসকে শেষ বিদায় জানাতে তাদের পূর্বপুরুষদের পবিত্র স্থানে ধূপ জ্বালিয়ে এবং নৈবেদ্য নিবেদন করে।
মৃত্যুর প্রায় অর্ধশতাব্দী পর ফ্রান্স থেকে তার দেহভস্ম তার জন্মভূমি গুয়াতেমালায় ফিরিয়ে আনা হয়েছে।
এটি খবর বার্তা সংস্থা এএফপি’র।
স্বৈরশাসনের বিরুদ্ধে সোচ্চার এবং আদিবাসীদের অধিকার রক্ষায় লেখালেখির জন্য পরিচিত আইনজীবী, লেখক ও কূটনীতিক আস্তুরিয়াস ১৯৬৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
জীবনের শেষের দিকে তিনি ফ্রান্সের প্যারিসে বসবাস করতেন। ১৯৭৪ সালে স্পেনে ৭৪ বছর বয়সে তার মৃত্যু ঘটে।
সে সময় দেশটিতে ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর স্বৈরশাসনের শেষ পর্যায় চলছিল।
লেখকের দেহভস্ম রাখা গাঢ় সবুজ রঙের একটি পাত্র গত বৃহস্পতিবার তার ছেলে মিগেল অ্যাঞ্জেল আস্তুরিয়াস আমাদো গুয়াতেমালায় নিয়ে আসেন। এই ভুট্টার দানার আকৃতির পাত্রটি তার ১৯৪৯ সালে প্রকাশিত বিখ্যাত উপন্যাস ‘মেন অব মেইজ’ এর প্রতি শ্রদ্ধার নিদর্শন।
শনিবার গুয়াতেমালা সিটির পশ্চিমে অবস্থিত প্রাচীন মায়া সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শন কামিনালহুয়ুতে এ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।
সাদা ফুল দিয়ে সাজানো একটি পবিত্র গোলাকার পাথরের বেদির সামনে ছোট কাঠের টেবিলে তার দেহভস্ম রাখা পাত্রটি স্থাপন করা হয়। এ সময় আদিবাসীরা বেদিতে নানা উপঢৌকন নিবেদন করেন এবং প্রয়াত লেখকের প্রতি শ্রদ্ধা জানাতে ধূপ জ্বালান।
১৯৯২ সালে শান্তিতে নোবেলজয়ী রিগোবার্তা মেনচু আস্তুরিয়াসের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘আজ আমরা এক অসাধারণ ঘটনা উদ্যাপন করছি।’
তিনি আরও বলেন, ‘শুধু গুয়াতেমালায় তার চিরন্তন উপস্থিতিই নয়, বরং সারা বিশ্বে তার চিরস্থায়ী উপস্থিতিকে আমরা উদ্যাপন করছি। কারণ, তিনি ছিলেন বিশ্বজনীন এক মানুষ।’
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও আস্তুরিয়াসের ছেলে উপস্থিত ছিলেন।
আবেগাপ্লুত ৮৫ বছর বয়সী ছেলে আস্তুরিয়াস আমাদো বলেন, ‘আমার পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আবেগ ধরে রাখা আমার পক্ষে কঠিন হয়ে পড়েছে।’
রোববার তার দেহভস্ম আস্তুরিয়াসের নামের একটি সাংস্কৃতিক কেন্দ্রে সমাহিত করা হবে।
গত বৃহস্পতিবার এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে আস্তুরিয়াস আমাদো জানান, ২০২৪ সালে সামাজিক গণতন্ত্রী বার্নার্দো আরেভালো গুয়াতেমালার প্রেসিডেন্ট হওয়ার পর তাঁর বাবার দেহভস্ম দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় পরিবার।
তিনি বলেন, ‘একজন ছেলে হিসেবে বাবাকে তার জন্মভূমিতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া আমার জন্য খুব কঠিন ছিল।’ কারণ, ফ্রান্স ছিল এমন একটি দেশ, ‘যাকে তিনি অত্যন্ত ভালোবাসতেন।’
তিনি আরও বলেন, ‘আমার বাবা হয়তো গুয়াতেমালার মানুষকে ঐক্যবদ্ধ করার একটি প্রতীক হয়ে উঠতে পারেন।’
নির্বাসনে কেটেছে জীবনের দীর্ঘ সময়
১৯৫৪ সালে যুক্তরাষ্ট্রের সমর্থনে সংঘটিত এক অভ্যুত্থানের মাধ্যমে মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় এক দশক ধরে চলা গণতান্ত্রিক সংস্কারের অবসান ঘটে।
এরপর স্বৈরশাসক সরকার আস্তুরিয়াসের নাগরিকত্ব বাতিল করে এবং তার বই নিষিদ্ধ করে। ফলে তাকে দেশ ছেড়ে নির্বাসনে যেতে হয়। ১৯৫৯ সালে একবার সংক্ষিপ্ত সফর ছাড়া তিনি আর কখনো নিজ দেশে ফিরে আসেননি।
তার সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্মগুলোর মধ্যে রয়েছে ১৯৪৬ সালে প্রকাশিত উপন্যাস ‘দ্য প্রেসিডেন্ট’। ১৮৯৮ থেকে ১৯২০ সাল পর্যন্ত গুয়াতেমালার শাসক ম্যানুয়েল এসত্রাদা কাবরেরার স্বৈরশাসন থেকে অনুপ্রাণিত হয়ে তিনি উপন্যাসটি রচনা করেন।
নিজ দেশের আদিবাসীদের পৌরাণিক কাহিনি ও সংস্কৃতির প্রতি গভীর আগ্রহ ছিল আস্তুরিয়াসের। ১৯৩০ সালে প্রকাশিত ‘লেজেন্ডস অব গুয়াতেমালা’ বইয়ে তিনি এসব কাহিনির কয়েকটি নতুনভাবে তুলে ধরেন।
গুয়াতেমালার ইতিহাসবিদ আর্তেমিস তোরেস আস্তুরিয়াসকে একজন ‘সমাজবিজ্ঞানী’ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘তার উপন্যাসের মাধ্যমে রাজনৈতিক অন্যায় ও স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো—বিশেষ করে তার সময়ের কফি বাগানকেন্দ্রিক শাসকগোষ্ঠী ও ধনিক শ্রেণির স্বৈরশাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়া—সমাজবিজ্ঞান এবং সাহিত্যে তার অন্যতম বড় অবদান।’
আস্তুরিয়াসের ছেলে এক পডকাস্টে জানান, তার বাবা যখন মারা যান, তখন স্পেনে ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর স্বৈরশাসন চলছিল। এ কারণে পরিবার তাকে সেখানে সমাহিত করতে চায়নি।
অন্যদিকে, সে সময় গুয়াতেমালাও যুদ্ধ-সংঘাতে বিপর্যস্ত ছিল এবং দেশটি সামরিক কর্মকর্তাদের শাসনে পরিচালিত হচ্ছিল। তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল। তাই তখন বাবাকে নিজ দেশেও সমাহিত করতে চায়নি পরিবার।
আস্তুরিয়াস আমাদো বলেন, ‘আমার বাবা স্বৈরশাসনের বিরোধী ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন