প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায়, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবার মান, বৈধ লাইসেন্স, প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম যাচাইয়ের উদ্দেশ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। অভিযানে একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়, একটি প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করা হয় এবং আরও দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়।
শনিবার (২৫ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে উপজেলায় বিভিন্ন স্থানসমূহে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগমের নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া।
এই অভিযানে মোট ছয়টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এর মধ্যে ভবেরচর ইউনিয়নের গজারিয়া পপুলার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। একই ইউনিয়নের ভবেরচর জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং জামালদী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত হামদর্দ জেনারেল হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, নাজমা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।
অন্যদিকে জামালদী এলাকার শুকরিয়া ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতাল ও মেঘনা ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতালের সেবা কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন ভ্রাম্যমাণ আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
এই অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নুসরাত ফারজানা খান, এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খানমসহ অন্যান্য সংশ্লিষ্টরা।
উপজেলা প্রশাসন জানাচ্ছে, জনস্বাস্থ্য সুরক্ষার জন্য এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন