প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা নৈরাজ্য এবং সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে মানববন্ধন, র্যালি ও সমাবেশের আয়োজন করেছেন। বক্তারা নৈরাজ্য প্রতিরোধ, অতীতের অপকর্মের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।
সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর সেখান থেকে একটি র্যালি বের হয়ে রায়সাহেব বাজার মোড় প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে আসে। র্যালির পর সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, “নৈরাজ্য সৃষ্টি করা হলে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না। অতীতে যারা অপকর্ম করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। তবে কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। আমরা নৈরাজ্য সৃষ্টি করব না এবং কাউকে করতেও দেব না। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে।”
জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, দেশে অগ্নিসংযোগ, লুটতরাজ ও ভাঙচুরের মতো কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই সঙ্গে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
জবি ছাত্রদলের আহ্বায়ক হিমেল বলেন, আমাদের আন্দোলন ছিল গণতন্ত্র, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নষ্ট করতে কেউ নাশকতার চেষ্টা করলে ছাত্রদল তা প্রতিরোধ করবে।
সমাবেশে জবি ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করার দাবি জানান।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইভান তাহসিব বাসে অগ্নিসংযোগসহ নৈরাজ্যমূলক কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান জানান এবং ছাত্র অধিকার পরিষদের হাসিব ডিসেম্বরকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা বলেন।
ছাত্রশক্তির সেক্রেটারি ফেরদৌস শেখ বলেন, আওয়ামী লীগ প্রশ্নে সব দলের অবস্থান অভিন্ন হওয়া উচিত। একইসঙ্গে তিনি জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি হাবিবুর রহমান বলেন, নৈরাজ্য শুধু অগ্নিসংযোগ ও ভাঙচুরে সীমাবদ্ধ নয়; অপতথ্য ও গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টিও নৈরাজ্যের অংশ। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
ইউট্যাবের সভাপতি নাসির উদ্দীন বলেন, “আমরা নৈরাজ্যকে না বলতে চাই, শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। যারা নৈরাজ্য সৃষ্টি করবে, এ দেশের মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।”
সমাবেশ ও র্যালিতে অংশগ্রহণকারীরা ‘বিপ্লবে বলীয়ান, ঐক্যবদ্ধ জবিয়ান’, ‘নৈরাজ্যের দিন শেষ, সবার আগে বাংলাদেশ’ এবং ‘শিক্ষা ও সন্ত্রাস একসঙ্গে চলে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন