প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জয়পুরহাটের কালাই উপজেলায় চলছে নতুন আমন ধান কাটা ও মাড়াই। কৃষকরা মাঠ থেকে ধান ঘরে তোলার পাশাপাশি জমিতে আলু রোপণের প্রস্তুতি নিচ্ছেন। তবে নতুন ধান বাজারে উঠার সাথে সাথে শুরু হয়েছে দরপতন। মাত্র সাত দিনের ব্যবধানে মোটা ও চিকন জাতের ধানের দাম মণপ্রতি ৪০০ থেকে ৬০০ টাকা কমেছে। বুধবার (১৮ নভেম্বর) পাঁচশিরা বাজারে মোটা জাতের মামুন ধানের দাম আরো কমে ১ হাজার ৫০ থেকে ১ হাজার ৮০ টাকায় নেমেছে। এতে উৎপাদন খরচ তুলতে না পেরে কৃষকরা লোকসানের আশঙ্কায় পড়েছেন।
এবার উপজেলায় বিআরআরআই ধান-৭৫, ৮৭ ও ৯০, বিআর-১৭, বিআর-২৯, বিআর-৪৯, মামুন ও ধানি গোল্ডসহ বিভিন্ন জাতের আমন ধান চাষ হয়েছে। পাশাপাশি কাটারিভোগ ও নাজিরশাইলের মতো চিকন জাতের ধানও আবাদ করেছেন কৃষকরা। এসব ধানের দাম নির্ভর করে জাত, দানার মান, শুকনো অবস্থা ও আর্দ্রতার ওপর।
কালাই পৌর এলাকার বৃহৎ ধান-চালের মোকাম পাঁচশিরা বাজারে সরেজমিন জানা যায়, মামুন ধান প্রতি মণ ১ হাজার ৫০ থেকে ১ হাজার ৮০ টাকা, স্বর্ণা-৫ ধান ১ হাজার ১০০ থেকে ১ হাজার ১৫০ টাকা, ধানি গোল্ড ১ হাজার ৮০ থেকে ১ হাজার ১০০ টাকা, গোল্ডেন আতব ১ হাজার ৮৫০ থেকে ১ হাজার ৯০০ টাকা এবং বিআর-৯০ আতব ২ হাজার ২৫০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে মামুন, বিআর-২৯ ও বিআর-৪৯ ধান বিক্রি হয়েছে ১ হাজার ১২০ থেকে ১ হাজার ১৩০ টাকায়। সে হিসাবে এক দিনে মামুন ধানের দাম কমেছে ৪০ থেকে ৮০ টাকা। সাত দিন আগের ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৬৫০ টাকা দরের তুলনায় কমেছে ৫২০ থেকে ৬০০ টাকা। একই সময়ে কাটারি ও নাজিরশাইল ধানের দামও মণপ্রতি ৫০০ থেকে ৬২০ টাকা কমে ১ হাজার ৫৮০ থেকে ১ হাজার ৬৫০ টাকায় নেমেছিল।
উপজেলার ঝামুটপুর গ্রামের কৃষক এনামুল হক এবারে ২০ বিঘা জমিতে বিআর-১৭, বিআর-২৯, বিআর-৪৯, মামুন ও ধানি গোল্ড ধান চাষ করেছেন। বিঘাপ্রতি ১৪ থেকে ১৫ মণ হিসাবে উৎপাদন হয়েছে ২৮০ থেকে ৩০০ মণ। জমি প্রস্তুত থেকে ধান কাটা ও মাড়াই পর্যন্ত বিঘাপ্রতি খরচ হয়েছে ২৫ থেকে ২৬ হাজার টাকা। মোট খরচ ৫ লাখ থেকে ৫ লাখ ২০ হাজার টাকা। তিনি বলেন, "মাত্র সাত দিনে ধানের দাম মণপ্রতি ৫০০ টাকার বেশি কমেছে। আলু রোপণের জন্য জমি প্রস্তুত,বীজ ও সার কেনার টাকা জোগাড় করতে বাধ্য হয়ে কম দামে ধান বিক্রি করছি। এতো টাকা বিনিয়োগ করেও খরচ তুলতে না পারলে সংসার চালাব কিভাবে!"
পুনটহাট বাজারের কৃষক আবু কালাম জানান, "আগে মোটা ধান ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায় বিক্রি করেছি। এখন তা ১ হাজার ১০০ টাকার আশপাশে। উৎপাদন খরচ বাড়লেও ধানের দাম কমছে।" কৃষকদের হিসাবে, বিঘাপ্রতি উৎপাদন খরচ ২৫ থেকে ২৬ হাজার টাকা হলেও অনেকের ধান বিক্রির আয় হচ্ছে ২৩ থেকে সাড়ে ২৩ হাজার টাকা। ফলে বিঘাপ্রতি দুই থেকে তিন হাজার টাকা বা তার বেশি লোকসানের আশঙ্কা রয়েছে।
বেগুনগ্রামের কৃষক আত্তাবউদ্দিনের অভিযোগ, নতুন ধানের সরবরাহ বাড়ার সুযোগে একশ্রেণির ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম কমাচ্ছেন। আলু রোপণের খরচ জোগাতে কৃষক দ্রুত ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তবে ব্যবসায়ীদের দাবি, সরবরাহ বৃদ্ধি, ধানের দানার মান ও আর্দ্রতার কারণে দাম কমেছে। পাঁচশিরা বাজারের মোল্লা চালকলের স্বত্বাধিকারী ওবাইদুর রহমান মোল্লা বলেন, "দানা ভালো ও শুকনো হলে দাম বেশি পাওয়া যায়। নতুন ধানের সরবরাহ বেড়েছে, অনেক ধানের মানও ভালো নয়। তাই দাম কমেছে। আমদানি বেশি হওয়ার কারণে দাম কমছে, এমন অভিযোগ সঠিক নয়।"
এদিকে সরকার চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে প্রতি কেজি ৩৫ টাকা বা মণপ্রতি ১ হাজার ৪০০ টাকা দরে ৩ লাখ টন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে। ১৪ নভেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ কার্যক্রম চলার কথা। অথচ কালাইয়ে মোটা মামুন ধান সরকারি দরের চেয়ে মণপ্রতি ৩২০ থেকে ৩৫০ টাকা কমে বিক্রি হচ্ছে। কৃষকদের দাবি, প্রকৃত কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনা বাড়াতে হবে।
জেলা কৃষি বিপণন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, "সরকার নির্ধারিত দরে ধান বিক্রি করতে পারলে কৃষক লাভবান হবেন। বাজারে দাম এত কম হওয়ার কথা নয়। দরপতনের কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন