প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের প্রভাব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। রাত থেকে ভোর পর্যন্ত ঠান্ডার অনুভূতি বাড়ছে এবং তাপমাত্রার পারদ নিচে নামছে। বৃহস্পতিবার সকালে জেলার তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এক দিনের ব্যবধানে তাপমাত্রা ৩ দশমিক ২ ডিগ্রি কমেছে। তাপমাত্রার এই দ্রুত পতন শীতের আগমনী বার্তা আরও স্পষ্ট করে তুলেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। আগের দিন বুধবার সকাল ৯টায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরেই পঞ্চগড়ে তাপমাত্রা নিম্নমুখী রয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার রেকর্ড করা হয় ১৮ দশমিক ৫ ডিগ্রি, রোববার ১৬ দশমিক ৪ ডিগ্রি, শনিবার ১৫ দশমিক ৮ ডিগ্রি এবং শুক্রবার ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় সূর্যের আলো থাকায় গরম অনুভূত হলেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঠান্ডা বাড়তে থাকে। রাতে লেপ-কম্বল ছাড়া থাকা কঠিন হয়ে পড়ছে। ভোরে বাইরে বের হলে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষকে সকালে কাজে বের হতে বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গলেহাহাট এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, "দিনের বেলায় রোদ উঠলে গরম লাগে। ঘরে ফ্যানও চালাতে হয়। কিন্তু সন্ধ্যার পর থেকেই ঠান্ডা বাড়তে থাকে। রাতে লেপ-কম্বল ছাড়া থাকা কঠিন হয়ে পড়ছে।"
আরেক বাসিন্দা শাহীন বলেন, "কয়েক দিন আগেও রাতে এতটা ঠান্ডা ছিল না। এখন ভোরে বাইরে বের হলেই শীত অনুভূত হয়।" আবহাওয়ার এমন পরিবর্তনে শিশু ও বয়স্কদের নিয়ে বাড়তি সতর্ক থাকতে হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আগামী দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে। ডিসেম্বর মাসে পঞ্চগড় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি নভেম্বর থেকে আগামী জানুয়ারি পর্যন্ত দেশে চার থেকে ছয়টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। ডিসেম্বর মাসে এক থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে শীতের প্রকোপ বেশি অনুভূত হতে পারে।
উল্লেখ্য, আবহাওয়াবিদদের শ্রেণিবিন্যাস অনুযায়ী, কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৪ থেকে ৬ ডিগ্রিতে নামলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন