প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টানা তিন দিনের ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অভ্যন্তরীণ সড়কের একটি অংশ প্রায় দেড় ফুট দেবে গেছে। এই অবস্থার কারণে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে এবং শিক্ষার্থীদের মধ্যে ভোগান্তি বেড়ে গেছে।
সরেজমিনে গেলে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনের সড়কের একটি অংশে বড় ধরনের ধস নেমে গেছে। এই ধসে সড়কটি প্রায় দেড় ফুট নিচে বসে গেছে এবং সড়কের ওই অংশে ফাটলও সৃষ্টি হয়েছে। সড়কের নিচ দিয়ে পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্টও রয়েছে। ঝুঁকি এড়াতে ধসে পড়া অংশটি বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং রাতে চলাচলকারীদের সতর্কতার জন্য সেখানে বৈদ্যুতিক বাতি লাগিয়ে দেয়া হয়েছে।
পানিসম্পদ কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম জানান, ‘সড়কটি আমাদের হলসংলগ্ন হওয়ায় বের হতে বা ক্যাম্পাসের অন্যান্য স্থানে যেতে এটিই মূলপথ। বিকল্প সড়ক ব্যবহার করলে আমাদের অনেকটা ঘুরে যেতে হবে। আমরা আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি সংস্কারে দ্রুত পদক্ষেপ নেবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম, এখানে আসলে বড় ধরনের কাজ করতে হবে। কিন্তু বর্তমানে বৃষ্টির কারণে এটা করা সম্ভব হবে না।’
অধ্যাপক সাইফুল ইসলাম আরও বলেন, ‘বৃষ্টি থামলে দেখতে হবে এটি কোন পর্যায়ে আছে। আগে নিশ্চিত হতে হবে ভিতরের পোলটি ঠিক আছে কিনা, যদি পোলটি ভেঙে না গিয়ে থাকে তবে কাজটি খুব দ্রুত সম্পন্ন করা যাবে। তবে যদি পোলটি ভেঙে যায়, তবে নতুন করে চিন্তা করতে হতে পারে। তবে প্রশাসন এই বিষয়টিতে চিন্তা করছে কীভাবে দ্রুত সংস্কার করা যায় যেহেতু এখান দিয়ে প্রায় ৩/৪টি ছাত্রাবাসের শিক্ষার্থীরা যাতায়াত করেন।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন