প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুহাম্মদ আমিনুল হক
সুনামগঞ্জ, ৭ নভেম্বর, ২০২৬ : দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর, নদী ও পাহাড়ের বৈচিত্র্যময় জেলা সুনামগঞ্জ। এই অঞ্চলে রয়েছে দেশের সম্ভাবনাময় কৃষি শিল্প। অতীতে, কৃষকরা শুধুমাত্র ধান চাষের মধ্যে সীমাবদ্ধ ছিলেন।
বর্তমানে, আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সুনামগঞ্জ জেলার কৃষকরা কৃষিতে বৈচিত্র্য এনেছেন। বোরো ও আমন ধানের পাশাপাশি, মৎস্য খামার এবং সবজি চাষ করে তারা জীবনযাত্রার মান উন্নত করছেন। ধান চাষের পাশাপাশি, এখন কৃষকরা সবজি চাষে বেশি ঝুঁকছেন।
এ বছর, সুনামগঞ্জ জেলায় ১২ হাজার ৭শ’ ৭১ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। গত বছরের তুলনায়, এবার ১১ হেক্টর বেশি জমিতে সবজি চাষের পরিকল্পনা রয়েছে। সদর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার ও জামালগঞ্জ উপজেলার উঁচু এলাকাগুলোতে এ ধরনের চাষ বেশি হয়ে থাকে।
জেলার সদর উপজেলার জাহাঙ্গীরনগর, সুরমা ও রঙ্গারচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে শীতকালীন সবজির চাষ শুরু করেছেন কৃষকরা। এই অঞ্চলের মানুষের মনোবল দৃঢ় থাকায় তারা জীবনের সংগ্রামে থেমে থাকেননি। অনাবাদি (ঝোপ-জঙ্গল) জমি চাষের আওতায় এনে, তারা ঘরবাড়ি নির্মাণসহ চাষযোগ্য জমিতে পরিণত করছেন। এখন কৃষকদের পরিশ্রমে পতিত ও অনাবাদি জমিতে সবুজের সমারোহ দেখা যাচ্ছে।
ভোর হলেই সুরমা ও জাহাঙ্গীর নগর ইউনিয়নের কৃষকদের কর্মচাঞ্চল্য দেখা যায়। কেউ জমিতে নিড়ানি দিচ্ছেন, কেউ ফসলের পরিচর্চা করছেন। কেউ আবার সবজি (ফসল) বাজারে নেওয়ার জন্য জমি থেকে সংগ্রহ করছেন। এভাবে কৃষকদের ঘামঝড়া পরিশ্রমে চাষ হচ্ছে সবজি। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে এসব সবজি বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন জেলার কৃষকরা।
ধান চাষের পাশাপাশি, কম সময়ে সবজি উৎপাদন কৃষকদের জন্য বাড়তি আয়ের উৎস হিসেবে পরিণত হয়েছে। এর ফলে গ্রামীণ অর্থনীতিতে পরিবর্তন আসছে। পাশাপাশি, বেকারদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে।
হুড়ারকান্দা গ্রামের কৃষক মোস্তফা মিয়া বাধা কপি ও ফুল কপির চাষ করছেন। তিনি বাসসকে বলেন, "সবজি আবাদ করে আগে যেভাবে লাভ হতো, এবার কি হবে তা বুঝে উঠতে পারছি না। উৎপাদন খরচ বৃদ্ধি, পরিবহন ও সেচের সমস্যা এবং পোকামাকড়ের আক্রমণ বাজারজাতকরণের জন্য আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।"
সুরমা ইউনিয়নের কৃষক মনির হোসেন জানান, "প্রতি বছরের ন্যায় এবারো সবজি আবাদের জন্য জমি বন্ধক নিয়েছি। এ সব জমিতে মরিচ, টমেটো ও ধনিয়ার চাষ করছি। আশা করছি ফলন ভালো হবে।"
একই গ্রামের সুমা বেগম বলেন, "প্রতিবছর সবজির আবাদ করে লাভবান হচ্ছেন এলাকার কৃষকরা। তাই আমরা সবজি চাষ করি ভালো ফলন ও লাভের আশায়। এবার আমার স্বামী অসুস্থ হওয়ায় জমিতে কাজ করতে পারছেন না। তাই আমি নিজেই সাধ্যমত সবজি ক্ষেতে কাজ করছি। লোন নিয়ে জমি বন্ধক রাখছি।"
জাহাঙ্গীরনগর ইউনিয়নের ঝরঝরিয়া এলাকায় বছরে ৩ থেকে ৪ বার ফসল ফলানো হয়। এই জমিগুলো নিয়মিতভাবে চাষাবাদের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন কৃষকরা।
এদিকে, আগাম উৎপাদিত স্থানীয় সবজি সুনামগঞ্জের বাজারে আসায় স্বস্তি ফিরেছে।
সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, দোকানগুলোতে নানা ধরনের তাজা সবজি রয়েছে। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় কৃষকদের আগাম উৎপাদিত সবজি বাজারে আসায় সরবরাহে পরিবর্তন এসেছে।
শহরতলী মুসলিম নগরের কৃষক বাচ্চু মিয়াসহ অন্যান্য কৃষকরা জানান, বরবটি, ডুগিসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন।
বাচ্চু মিয়া জানান, "৪৫ শতক জমিতে লাউ এবং ৪৫ শতক জমিতে শসার আবাদ করেছি। এ পর্যন্ত প্রায় ৪ হাজার টাকার মতো লাউ বিক্রি করেছি। এছাড়া জমিতে অন্যান্য সবজি চাষ করেছি। এতে আমার আড়াই লাখ টাকা খরচ হয়েছে।"
সুনামগঞ্জে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আগাম শীতকালীন সবজির চাষ শুরু হয়। এই সময় লাউ, শিম, ফুলকপি, বাঁধাকপি, মূলা, টমেটো, লালশাক, মূলাশাক, পালংশাক ও কাঁচামরিচসহ বিভিন্ন সবজি চাষ করা হয়। এসব ফসলের উৎপাদন ভালো রাখতে নিয়মিত জমি পর্যবেক্ষণ, আগাছা পরিষ্কার, প্রয়োজন অনুযায়ী সেচ ও সার প্রয়োগ এবং রোগবালাই নিয়ন্ত্রণের প্রয়োজন হয়।
কৃষি বিভাগ জানিয়েছে, জেলার প্রতিটি উপজেলায় উপজেলা কৃষি কর্মকর্তা এবং ইউনিয়ন পর্যায়ে উপ সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। বীজ নির্বাচন, সার প্রয়োগ, রোগবালাই দমন ও আবহাওয়াজনিত ঝুঁকি মোকাবিলায় স্থানীয় কৃষি অফিস থেকে সহায়তা নেওয়া যাবে। বালাইনাশক ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত মাত্রা ও নিরাপত্তাবিধি মেনে চলার পাশাপাশি সবজি সংগ্রহের আগে মোড়কে উল্লেখ করা অপেক্ষার সময়ও অনুসরণ করতে হবে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বাসসকে বলেন, "সদর উপজেলার ৩টি ইউনিয়নে আগাম শীতকালীন সবজি ফলন শুরু হয়েছে। এরমধ্যে জাহাঙ্গীরনগর ইউনিয়ন, সুরমা এবং গৌরারং ইউনিয়নের কিছু এলাকায় সবজি বিক্রি শুরু করেছেন কৃষকেরা। ৩টি ইউনিয়নে প্রায় ৯শ’ হেক্টর জমিতে সবজি আবাদ করছেন কৃষকরা।"
সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক বাসসকে বলেন, "আবহাওয়া অনুকূলে থাকলে এবং সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে সুনামগঞ্জে আগাম শীতকালীন সবজির উৎপাদন বাড়বে। এতে কৃষকের আয় বাড়ার পাশাপাশি স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে অন্য এলাকাতেও সবজি সরবরাহের সুযোগ তৈরি হবে এবং জেলার অর্থনীতিতে সুফল আসবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন