প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা ও নিরলস কাজের ফলে দেশের স্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো রয়েছে।
তিনি সোমবার (৯ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নবনির্মিত চারতলা স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে দেশের অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করা সম্ভব হয়েছে। হাসপাতালগুলোতে রোগীদের খাবারের মানও আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। বর্তমান সরকার হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে কার্যকরভাবে কাজ করে যাচ্ছে।
মন্ত্রী চিকিৎসকদের পেশাগত দক্ষতার প্রশংসা করে বলেন, দেশের চিকিৎসকেরা এখন অত্যন্ত কম সময়ে ও দক্ষতার সঙ্গে জটিল অস্ত্রোপচারসহ বিভিন্ন চিকিৎসাসেবা সফলভাবে সম্পন্ন করছেন। এটি আমাদের স্বাস্থ্য খাতের সক্ষমতার একটি বড় প্রমাণ। চিকিৎসকদের দক্ষতা, সাহসিকতা ও রোগীদের প্রতি মানবিক আচরণ সত্যিই প্রশংসনীয়।
তিনি আরও বলেন, "আমি চিকিৎসক নই, তবে চিকিৎসকদের সম্মান করি এবং তাদের জন্যই কাজ করতে চাই। কারণ, চিকিৎসকদের আন্তরিক সহযোগিতা ছাড়া স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের কোনো উদ্যোগই সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয়।"
হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনার প্রসঙ্গ তুলে ধরে সাখাওয়াত হোসেন জানান, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধানে কয়েক হাজার কোটি টাকার পৃথক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর আওতায় মেডিকেল ও সাধারণ বর্জ্য পৃথকভাবে ব্যবস্থাপনার উদ্যোগ চলছে। তিনি উল্লেখ করেন, ভবিষ্যতে দেশের প্রতিটি নাগরিকের জন্য উন্নত, আধুনিক ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি একটি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে গণমাধ্যমসহ সমাজের সর্বস্তরের সহযোগিতা কামনা করেন মন্ত্রী।
এর আগে, সকালে মন্ত্রী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) আইসিইউ, পোস্ট অপারেটিভ ইউনিট, ই-নিবন্ধন, কিউআর কোড এবং নতুন বহির্বিভাগের উদ্বোধন করেন। পরে নিটোরের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে ৫০ কোটি টাকা বিশেষ বরাদ্দের ঘোষণা দেন।
নিটোরের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন