প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাঙামাটির পুলিশ সুপার আব্দুর রকিব জানিয়েছেন, উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে দুই ঘণ্টা গুলি বিনিময়ের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
পুলিশ সুপার উল্লেখ করেন, ‘সাজেকের পর্যটকেরা উজোবাজার এলাকায় পৌঁছালে সড়ক অবরোধকারীরা তাদের বাধা দেয়। সড়ক ছেড়ে দিতে বলার পর তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আটজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আহত হন। পরে সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর গুলি চালাতে শুরু করে।’
তিনি আরও জানান, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র ব্যক্তিদের মধ্যে প্রায় দুই ঘণ্টা থেমে থেমে গোলাগুলি চলে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ওই এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এ ঘটনার সঙ্গে জড়িত থাকার গোয়েন্দা তথ্য রয়েছে।
তিনি জানান, ‘সাজেক থেকে ফেরা পর্যটকেরা নিরাপদে খাগড়াছড়ি পৌঁছেছেন। পুরো ঘটনার তদন্ত শেষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আঞ্চলিক দুই রাজনৈতিক সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে আজ থেকে রাঙামাটির সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ চলছে। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কার্বারী অ্যাসোসিয়েশন এ অবরোধের ডাক দিয়েছে। এর ফলে সাজেকে বেড়াতে যাওয়া পর্যটকদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
সড়ক অবরোধের খবর পাওয়ার পর প্রশাসন সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করে। এরপর আজ সকাল ৮টার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তায় প্রায় তিন হাজার পর্যটক খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন। তবে পর্যটকবাহী গাড়িগুলো বেলা ১১টার দিকে উজোবাজার এলাকায় পৌঁছালে অবরোধকারীদের বাধার মুখে পড়ে।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড সরিয়ে পর্যটকদের খাগড়াছড়ির দিকে নিয়ে যাওয়ার সময় সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে গোলাগুলি হয়। অবশেষে সাজেক থেকে ফেরা পর্যটকেরা নিরাপদে খাগড়াছড়ি পৌঁছান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন