প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শাড়ি পরে, পায়ে কোনো জুতা না থাকলেও থামেননি ২৭ বছর বয়সী কবিতা কুমারী। মাত্র ছয় মিনিটে ১ হাজার ৬০০ মিটার দৌড় শেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হচ্ছেন এই লড়াকু মা।
ঝাড়খণ্ডের রামগড় জেলার সসো গ্রামের অধিবাসী কবিতা। তিন বছর আগে দীর্ঘ অসুস্থতার পর তার স্বামী দীপক মাহাতো মারা যান। এরপর দুই ছোট সন্তানকে নিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হন তিনি। সংসারের দায়িত্ব গ্রহণ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ডের চাকরি নেন কবিতা।
কিন্তু শুধু সংসার চালাতেই তিনি থেমে থাকেননি। সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন নিয়ে সন্তানদের ভবিষ্যৎ বদলানোর চেষ্টা করেন। পুলিশ বা হোম গার্ডের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে প্রতিদিন ভোর চারটায় ঘুম থেকে উঠে দৌড়ের অনুশীলন করতেন তিনি।
দৌড়ানোর জন্য প্রয়োজনীয় জুতা বা ট্র্যাকিং পোশাক কেনার সামর্থ্য ছিল না কবিতার। তাই সাধারণ পোশাকেই গ্রামের মেঠোপথে চলত তার অনুশীলন। কখনো কখনো শাড়ি পরেই তাকে দৌড়াতে হয়েছে।
সম্প্রতি একটি স্থানীয় ট্রেনিং একাডেমি অফিসিয়াল সিলেকশন ড্রাইভের আগে ট্রায়াল রানের আয়োজন করে। সেখানে কবিতা অন্যান্য প্রার্থীদের সঙ্গে অংশ নেন। গায়ে শাড়ি, পায়ে জুতা ছাড়াই গরম পিচের ওপর দৌড় শুরু করেন তিনি। সকল প্রতিকূলতা অতিক্রম করে মাত্র ছয় মিনিটে ১ হাজার ৬০০ মিটারের ফিনিশিং লাইন স্পর্শ করেন।
কবিতার দৃঢ়তা দেখে ট্রেইনার ও উপস্থিত দর্শকরা অবাক হয়ে যান। তার দৌড়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি প্রশংসায় ভাসতে থাকেন। জীবনের কঠিন পরিস্থিতির মধ্যেও সরকারি চাকরি পাওয়ার লক্ষ্যে তার লড়াই অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।
আগামী ২৪ অক্টোবর থেকে ৫ নভেম্বরের মধ্যে ঝাড়খণ্ড হোম গার্ডের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। রামগড় জেলায় মোট ২৮৪টি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৫০ শতাংশ পদ নারীদের জন্য সংরক্ষিত। পাশাপাশি বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের জন্য রয়েছে আরও ৫ শতাংশ বিশেষ সংরক্ষণ।
এখন কবিতার লক্ষ্য সেই পরীক্ষায় সফল হয়ে একটি সরকারি চাকরি পাওয়া। দুই সন্তানকে নিয়ে নতুন করে জীবন গড়ার স্বপ্নে তিনি প্রতিকূলতাকে পেছনে ফেলে ছুটে চলেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন