প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের মিনেসোটার বার্নসভিলে তিন বছর বয়সী ছেলে আদনান আবদুল্লাহির মৃত্যুর ঘটনায় তার মা সায়নাব আবদুল্লাহি দাহিরের বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার ম্যান স্লটার, চারটি শিশু নির্যাতন বা বিপন্ন করার অভিযোগ এবং হয়রানির মামলা দায়ের করা হয়েছে। অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, গুরুতর অসুস্থ হয়ে পড়ার পরও শিশুটিকে চিকিৎসকের কাছে না নিয়ে তার মা পার্কের একটি সৈকত এলাকায় নিয়ে যান, যেখানে রোদে থাকার মাধ্যমে শিশুটি অসুস্থতা ‘ঘামিয়ে বের করে’ দিতে পারবে বলে ধারণা করা হয়। পরবর্তীতে শিশুটির মৃত্যু ঘটে।
ঘটনার পর জরুরি সেবাকর্মীরা শিশুটিকে গুরুতর অপুষ্টিতে ভুগতে দেখতে পান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তার বয়সের তুলনায় মারাত্মক কম ওজন এবং গুরুতর অপুষ্টি শনাক্ত করেন। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি আর জ্ঞান ফিরে পায়নি এবং ১৩ জুলাই ২০২৩ সালে তার মৃত্যু ঘটে।
ময়নাতদন্তে কার্ডিয়াক অ্যারেস্টের পর মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতিজনিত আঘাতকে মৃত্যুর তাৎক্ষণিক কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অপুষ্টি ও মূত্রনালির সংক্রমণকে সহায়ক কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
তদন্তের সময় দাহিরের অন্য চার সন্তানের অবস্থাও সামনে আসে। আদালতের নথি অনুযায়ী, তারাও গুরুতরভাবে কম ওজনের ছিল। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে, শিশুদের বাবার কাছে যাওয়ার পর তাদের ওজন বাড়তে শুরু করে। সন্তানদের নিয়মিত চিকিৎসা না করানোর অভিযোগও রয়েছে।
দাহিরকে ২০২৫ সালের জুলাইয়ে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি এবং তিনি আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত। মামলাটি মিনেসোটার ডাকোটা কাউন্টি ডিস্ট্রিক্ট কোর্টে চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন