প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ডেভিড ওয়ার্নার ২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তকে ‘ত্রুটিপূর্ণ’ আখ্যা দিয়েছেন। তিনি একই সঙ্গে এই বিষয়ে ‘জবাবদিহি’ ও ‘স্বচ্ছতা’ নিশ্চিত করার দাবি করেছেন। উসমান খাজার আত্মজীবনী প্রকাশের ঠিক আগমুহূর্তে তিনি এই মন্তব্যটি করেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত হতে যাওয়া খাজার আত্মজীবনী ‘সবর’ নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশের তিন দিন পর নেপাল থেকে ইনস্টাগ্রামে নিজের বক্তব্য তুলে ধরেন ওয়ার্নার। বর্তমানে নেপাল প্রিমিয়ার লিগে খেলা অবস্থায় তিনি বলেন, খাজা তার বইয়ে যা লিখেছেন, তার সবকিছুই ‘১০০ শতাংশ সত্য’ বলে তিনি বিশ্বাস করেন।
খাজা তার বইয়ে দাবি করেছেন, কেপটাউন টেস্টের পূর্ববর্তী টেস্টে গেবেখায় (তৎকালীন পোর্ট এলিজাবেথ) বলের ওপর স্যান্ডপেপার ব্যবহার করেছিল অস্ট্রেলিয়া। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, শাস্তি পাওয়া খেলোয়াড়দের বাইরেও দলের অন্যান্য সদস্যরা এই পরিকল্পনা সম্পর্কে অবগত ছিলেন। তিনি বারবার পুরো দলকে ঘটনার দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। অথচ ঘটনার সময় কী ঘটেছিল, তা জানা থাকা সত্ত্বেও তদন্তের সময় তাকে একবারও জিজ্ঞাসাবাদ করা হয়নি।
নিউল্যান্ডস টেস্টের পর শাস্তি পাওয়া তিন খেলোয়াড়ের মধ্যে একজন ছিলেন ওয়ার্নার। অন্য দুজন ছিলেন স্টিভেন স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। ওয়ার্নারকে এক বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছিল এবং তিনি আজীবনের জন্য নেতৃত্বের দায়িত্ব থেকে নিষিদ্ধ হন। তবে ২০২৪ সালে তার নেতৃত্বের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
ওয়ার্নার বলেন, ‘এই বিষয়টি নিয়ে আমি আট বছর ধরে কথা বলিনি। উজি (উসমান খাজা), আমি তোমাকে পুরোপুরি সমর্থন জানাচ্ছি। তুমি যা করেছ, তার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি যা বলেছ, তার সবকিছুই ১০০ শতাংশ সত্য।’
তিনি আরও বলেন, ‘এখন সবাই সত্যটা জেনে গেছে। বিষয়টি প্রকাশ্যে এসেছে। মানুষ সত্যটা জানতে চেয়েছিল, তুমি সেটা সামনে এনেছ। এখন অনেকে প্রশ্ন করছে, আট বছর পর কেন এই বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, বই বিক্রির জন্য কি না। এটা উসমানের গল্প, এটা উসমানের বিশ্বাস। সেদিন থেকে শুরু করে প্রতিটি বিষয়ই উজি লিখে রেখেছে। উজি, তোমাকে ধন্যবাদ।’
‘পুরো সাক্ষাৎকার গ্রহণের প্রক্রিয়াটি ছিল তাড়াহুড়ো করে করা এবং ত্রুটিপূর্ণ। উজি ক্যামেরন ব্যানক্রফটের পাশে বসে ছিল। অথচ উজিকে জিজ্ঞাসাবাদই করা হয়নি। এটাকে কীভাবে পূর্ণাঙ্গ তদন্ত বলা যায়? বিষয়টি আমাকে বিস্মিত করে। আমরা কাউকে দোষারোপ করতে আসিনি কিংবা পুরোনো ক্ষত নতুন করে খুলতে চাই না। বিষয়টি হলো জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং সত্যকে যথাযথভাবে যাচাই করা। হয়তো এখন সময় এসেছে ব্যক্তিকে নিয়ে প্রশ্ন তোলা বন্ধ করে, যারা তদন্তের দায়িত্বে ছিলেন তাদের কাছে জবাবদিহি দাবি করার। গত আট বছরে সংবাদমাধ্যমে অনেক বক্তব্য ও ভুল তথ্য প্রকাশিত হয়েছে। আবার অনেকেই নীরব থেকেছেন,’–ওয়ার্নার যোগ করেন।
২০১৮ সালে প্রকাশ্যে আসা ছবিগুলো এবং পুরো পরিস্থিতি সম্পর্কে নিজের সন্তানদের বোঝাতে চেয়েছিলেন বলেই প্রতিক্রিয়া জানাতে তার কয়েক দিন সময় লেগেছে বলে জানান ওয়ার্নার।
তিনি বলেন, ‘এটা করা কঠিন ছিল। তবে আমি আমার মেয়েদের একটি কথাই বলেছি, সত্য কথা বলবে। কারণ মিথ্যা একসময় প্রকাশ পাবেই।’
ভিডিওর শেষ দিকে ওয়ার্নার বলেন, ‘অস্ট্রেলিয়ার সবার উদ্দেশে বলছি, এতদিন ধরে যে প্রশ্নটি সবাই করে আসছে, উজি সেটার উত্তর দিয়েছে। সে যেভাবে বিষয়টি তুলে ধরেছে, তা ১০০ শতাংশ সঠিক। আমার পরিবার, স্টিভেন ও ক্যামেরনের জন্যও সময়টা নিঃসন্দেহে কঠিন ছিল। কিন্তু এই সত্য সামনে আসা প্রয়োজন ছিল।’
এদিকে, সপ্তাহান্তে ক্রিকেট অস্ট্রেলিয়া ২০১৮ সালের তদন্তের প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করে একটি বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘২০১৮ সালের কেপটাউন টেস্টের পর গত আট বছরে এ নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা হয়েছে। এমনকি গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরের পুরো সময়জুড়ে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে বিস্তর আলোচনা হয়েছে। এই সময়ের মধ্যে প্রাসঙ্গিক তথ্য উপস্থাপনের সুযোগ সব সময়ই ছিল এবং এখনো রয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে এ পর্যন্ত উপস্থাপিত সব প্রাসঙ্গিক তথ্য যথাযথভাবে বিবেচনা করা হয়েছে। আমাদের ইন্টিগ্রিটি বা সততা-সংক্রান্ত তদন্তের সিদ্ধান্ত নিয়ে আমরা এখনো সন্তুষ্ট।’
তবে সে সময় ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্ত থাকা কোনো নির্বাহীই বর্তমানে আর তাদের আগের পদে নেই।
খাজা তার বইয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্তমান প্রধান নির্বাহী টড গ্রিনবার্গের সঙ্গে একটি কথোপকথনের কথাও লিখেছেন। ২০২১ সালে গ্রিনবার্গ যখন অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান ছিলেন, তখন এই কথোপকথন হয়েছিল। সে সময় বল টেম্পারিং ইস্যুতে ক্যামেরন ব্যানক্রফটের একটি সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারের জবাবে বোলাররা একটি বিবৃতি দিয়েছিলেন। ব্যানক্রফট বলেছিলেন, বল টেম্পারিংয়ের ঘটনা সম্পর্কে বোলারদের জানার বিষয়টি ছিল ‘স্বতঃসিদ্ধ’। এর মাধ্যমে তিনি পুরো দলকে সম্মিলিতভাবে দায়িত্ব নেওয়ার আহ্বান আবারও সামনে এনেছিলেন।
তবে অস্ট্রেলিয়া দলের একাধিক ক্রিকেটার এখনো আন্তর্জাতিক ক্রিকেটে সক্রিয় রয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) একটি বাণিজ্যিক অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মিচেল স্টার্কের। সেখানে তার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, ২০১৮ সালে ওই অস্ট্রেলিয়া দলের সদস্য থাকা মিচেল মার্শ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ওয়ানডে অধিনায়ক হিসেবে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন