প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নরওয়ের সাংবাদিক হেলে লুং সভেন্ডসেন অভিযোগ করেছেন যে, হায়দরাবাদে অনুষ্ঠিতব্য 'ভারত সামিটে' অংশ নিতে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার মাত্র কয়েক মিনিট আগে অসলোতে অবস্থিত ভারতীয় দূতাবাস তার ভিসা বাতিল করে এবং তাকে ভারত সফরে বাধা দেয়।
সভেন্ডসেন, যিনি অসলো-ভিত্তিক সংবাদপত্র 'ডাগসাভিসেন'-এ কাজ করেন, জানান যে, তিনি এই সফরের জন্য ভারতীয় ভিসা এবং প্রয়োজনীয় রাজনৈতিক ছাড়পত্র পেয়েছিলেন। কংগ্রেসের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে গণমাধ্যমের ভবিষ্যৎ, সংবাদপত্রের স্বাধীনতা এবং গণতন্ত্র বিষয়ে বক্তব্য রাখার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
গত ১১ নভেম্বর (বুধবার) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে সভেন্ডসেন জানান, বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রায় ১০ মিনিট আগে দূতাবাস তার সঙ্গে যোগাযোগ করে এবং জানায় যে তিনি ভারতে যেতে পারবেন না।
তিনি লেখেন, "আমি ভারতের ভিসা পেয়েছিলাম এবং হায়দরাবাদে ভারত সামিটে যোগ দিতে আজ সকালে আমার রওনা হওয়ার কথা ছিল। গণমাধ্যমের ভবিষ্যৎ ও সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ক আলোচনায় প্যানেলিস্ট এবং বক্তা হিসেবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 'উপরমহলের নির্দেশে' আমার ভিসা বাতিল করা হয়েছে।"
সভেন্ডসেন অভিযোগ করেন যে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (এমএইচএ) থেকে এই সিদ্ধান্ত এলেও এর কোনো কারণ তাকে জানানো হয়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা নরওয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস তার অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে একটি ভিডিও বার্তায় সভেন্ডসেন প্রশ্ন তোলেন, প্রয়োজনীয় সব ছাড়পত্র থাকা সত্ত্বেও কেন তাকে ভারতে প্রবেশে বাধা দেওয়া হলো। তার ধারণা, ২০২৬ সালের মে মাসে নরেন্দ্র মোদির অসলো সফরের সময় তাকে প্রশ্ন করা এবং মোদি সরকারের সমালোচনা করে প্রতিবেদন লেখার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, "আমার মনে হচ্ছে, ২০২৬ সালের মে মাসে নরওয়ের অসলোতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করার মাধ্যমে আমি যে সংবাদপত্রের স্বাধীনতা চর্চা করেছিলাম, এর পেছনে তার কোনো যোগসূত্র থাকতে পারে।"
এছাড়াও, মোদির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শিল্পপতি গৌতম আদানি এবং মুকেশ আম্বানির সমালোচনা করার কারণেও এমনটি ঘটেছে কি না, তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন। তিনি 'ককরোচ জনতা পার্টি'র রাজনৈতিক প্রচারণা নিয়ে ইতিবাচক প্রতিবেদন এবং দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের সাক্ষাৎকার নেওয়ার বিষয়টিকেও সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেন। পুরো বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে বলে মন্তব্য করলেও এর পেছনের সুনির্দিষ্ট কারণ তার জানা নেই বলে জানান সভেন্ডসেন।
অসলোতে মোদির সঙ্গে আগের সেই ঘটনা
গত ১৮ মে নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সভেন্ডসেন নরেন্দ্র মোদিকে প্রশ্ন করেছিলেন, যার কয়েক মাস পরই ভিসা বাতিলের এই অভিযোগ উঠল। সেদিন মোদি মঞ্চ ত্যাগ করার সময় সভেন্ডসেন প্রশ্ন করে ছিলেন, কেন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন না। তিনি বলেছিলেন, "বিশ্বের সবচেয়ে স্বাধীন সংবাদমাধ্যমের কাছ থেকে কেন আপনি কিছু প্রশ্ন নিচ্ছেন না?"
সেই ঘটনাটি গণতন্ত্রে সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের ভূমিকা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল। বিজেপির কিছু সমর্থক সভেন্ডসেনের সমালোচনা করে যুক্তি দিয়েছিলেন যে, অনুষ্ঠানটি সংবাদ সম্মেলন ছিল না, বরং একটি প্রেস ব্রিফিং ছিল। তৎকালীন বিজেপির প্রচার সেলের প্রধান অমিত মালব্য তার প্রশ্নটিকে "একজন অবাধ্য সাংবাদিকের অসংলগ্ন প্রলাপ" বলে অভিহিত করেছিলেন। অন্যদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদির প্রতিক্রিয়ার সমালোচনা করে বলেছিলেন, এর ফলে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
পরবর্তীতে ভারতীয় দূতাবাস আয়োজিত আরেকটি প্রেস ব্রিফিংয়ে সভেন্ডসেন মানবাধিকার এবং ভারতীয় সাংবাদিকদের সমালোচনামূলক প্রশ্নের মুখোমুখি মোদি হবেন কি না, সে বিষয়েও প্রশ্ন তুলেছিলেন। সে সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ভারতের ইতিহাস ও সভ্যতার ঐতিহ্য নিয়ে দীর্ঘ বক্তব্য দিলেও তার প্রশ্নগুলোর সরাসরি কোনো উত্তর দেননি।
১৩ ও ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ভারত সামিট
কংগ্রেস আয়োজিত 'ভারত সামিট' আগামী ১৩ ও ১৪ নভেম্বর হায়দরাবাদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের হাইটেক্স ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডি এবং কংগ্রেসের ফরেনসেলের প্রধান সালমান খুরশিদের নেতৃত্বে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। আয়োজকদের মতে, ৭০টিরও বেশি দেশের নির্বাচিত প্রতিনিধি, নীতিনির্ধারক এবং বুদ্ধিজীবীসহ ১ হাজারেরও বেশি অংশগ্রহণকারী এতে যোগ দেবেন।
সভেন্ডসেন এখনো নির্ধারিত সময়ের মধ্যে হায়দরাবাদে পৌঁছানোর আশা প্রকাশ করে ভারত সরকারকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন। ভিসা, রাজনৈতিক ছাড়পত্র এবং সম্মেলনের আমন্ত্রণপত্র থাকা সত্ত্বেও তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না—তা জানতে চেয়ে তিনি বলেন, "বল এখন আপনাদের কোর্টে।" তবে তার এসব দাবির বিষয়ে ভারত সরকার এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন