প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জয়পুরহাটের কালাইয়ে, মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি বগুড়ার শিবগঞ্জে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন নুর বানু (৪৯) নামে এক নারী। সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের পুনট কোল্ড স্টোরেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ মোটরসাইকেলের দুই আরোহীকে আটক করেছে।
নিহত নারীর বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুটখুর গ্রামে। তিনি কালাই উপজেলার নান্দাইলদিঘি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। আটক মোটরসাইকেল চালক আব্দুর রাজ্জাক এবং শাকিল, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী, পুলিশ এবং নিহতের মেয়ে জামাতা এনামুল হকের সঙ্গে কথা বলে জানা যায়, রবিবার (২২ নভেম্বর) বিকেলে নুর বানু মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার বেলা ১২টার দিকে খাওয়া-দাওয়া শেষে তিনি নিজ বাড়ি বগুড়ার শিবগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বের হন। পুনট কোল্ড স্টোরেজের সামনে জয়পুরহাট-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কের ওপর ছিটকে পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর স্থানীয়রা মোটরসাইকেলের চালক আব্দুর রাজ্জাক ও পেছনে থাকা আরোহী শাকিলকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কালাই থানার ওসি সাইদুল আলম জানান, ‘নিহত নারীর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের হাতে আটক মোটরসাইকেলের দুই আরোহীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন