প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্দেশ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আরও ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরাযুক্ত আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করা হতে যাচ্ছে।
এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধিক্ষেত্রে ২৮টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২২টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন বা মোড় অন্তর্ভুক্ত রয়েছে।
সম্প্রতি রাজধানীর কিছু সড়কে পরীক্ষামূলকভাবে সিগন্যাল বাতি মেনে যানবাহন চলাচল এবং পথচারীদের সুশৃঙ্খলভাবে রাস্তা পারাপার হতে দেখা গেছে। এ ধারাবাহিকতায় এবার এই প্রযুক্তির পরিধি আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হলো।
প্রকল্প সূত্র জানিয়েছে, ঢাকার ১৩টি পয়েন্টে সেমি-অটোমেটেড ট্রাফিক সিগন্যাল ইতোমধ্যে বসানো হয়েছিল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রযুক্তিগত তত্ত্বাবধানে নির্মিত এই সিগন্যালগুলোর কিছুতে পরীক্ষামূলকভাবে এআই ক্যামেরা সংযুক্ত করা হয়, যা ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
নতুন ৫০টি মোড়ের ট্রাফিক সিগন্যাল পরিচালনা ও দেখভালের জন্য প্রয়োজনীয় লোকবল নিয়োগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নতুন প্রযুক্তি ও কাঠামোর কারণে প্রকল্পের মোট ব্যয় কিছুটা বৃদ্ধি পাচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে যে, এআই প্রযুক্তিনির্ভর এই সিগন্যাল ব্যবস্থা দক্ষতার সাথে পরিচালনা করার জন্য ‘ট্রাফিক টেকনিক্যাল ইউনিট’ নামে একটি বিশেষায়িত ইউনিট গঠন করা হচ্ছে। এই ইউনিটের সদস্যদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে, যাতে তারা রাজধানীর যানজট নিয়ন্ত্রণে এই আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারেন।
ঢাকা উত্তর সিটির অন্তর্ভুক্ত ২৮ মোড়ের মধ্যে রয়েছে: মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদ গেট, গণভবন, মোহাম্মদপুর থানা, কলেজ গেট, টেকনিক্যাল, মাজার রোড, মিরপুর-১, সনি সিনেমা হল, মিরপুর-১০, মিরপুর-১২, মিরপুর-৬, মিরপুর-১৪, আগারগাঁও, আবহাওয়া অধিদপ্তর, পরিকল্পনা কমিশন, গুলশান ক্লাব, গুলশান আজাদ মসজিদ, গুলশান-১, গুলশানের ডোমিনোজ ক্রসিং, পুলিশ প্লাজা, নিকেতন, তেজগাঁওয়ের পুরোনো আড়ং, শান্তা টাওয়ার, তেজগাঁও-মহাখালী লিংক রোড, বিওয়াইডি শোরুম, রেইনবো ক্রসিং এবং হাতিরঝিল-মগবাজার ক্রসিং।
ঢাকা দক্ষিণ সিটির অন্তর্ভুক্ত ২২ মোড়ের মধ্যে রয়েছে: আজিমপুর, নিউমার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডি-৬, ধানমন্ডি-৭, কলাবাগান, রাসেল স্কয়ার, ধানমন্ডি-২৭, কাঁটাবন, বাটা সিগন্যাল, কাকরাইল, বিজয়নগর, ফকিরেরপুল, দৈনিক বাংলা মোড়, বঙ্গভবন, গুলিস্তান স্কয়ার, জিপিও, পল্টন মোড়, গ্রিন রোড, মগবাজার মোড়, মিন্টো রোড এবং অফিসার্স ক্লাব ক্রসিং।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন