প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চাঁদপুরের মতলব উত্তরে বিএনপির দলীয় কার্যালয়ে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের বেড়িবাঁধে অবস্থিত ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ফলে কার্যালয়ের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
একই মাসের মধ্যে উপজেলার দুটি বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও উত্তেজনা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দেওয়ার চেষ্টা করে। তবে আগুনের উৎস এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাফি এবং সহসাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন। তারা মন্তব্য করেন, "রাজনৈতিক দলের কার্যালয় গণতান্ত্রিক চর্চার কেন্দ্রবিন্দু; সেখানে আগুন দেওয়া সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী।"
তাদের দাবি, আগুনে কার্যালয়ের গুরুত্বপূর্ণ আসবাবপত্র ও নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের একটি কুচক্রী মহল এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে। তারা জড়িতদের আইনের আওতায় আনার জন্য নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
ষাটনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন ঘটনাটিকে ন্যক্কারজনক আখ্যা দিয়ে বলেন, দুর্বৃত্তরা গভীর রাতে দলীয় কার্যালয়ে আগুন লাগানোর চেষ্টা করেছে। তিনি দোষীদের আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানান।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট মফিজুল ইসলাম বলেন, শান্ত মতলবকে অশান্ত করার চেষ্টা হলে এর পরিণতি ভয়াবহ হবে। তার দাবি, ৫ আগস্টের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী পালিয়ে গেলেও কিছু নেতাকর্মী আবার মাথাচাড়া দিয়ে উঠছে। তিনিও তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্তের দাবি জানান।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ১১ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়েও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন