প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি শুরু হচ্ছে মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে, যা চলবে টানা পাঁচ দিন। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এ ছুটি ভোগ করবেন আগামী শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত। তবে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা এবং অত্যাবশ্যকীয় কাজে নিয়োজিত ব্যক্তিরা এই ছুটির আওতার বাইরে থাকবেন।
সোমবার (১৯ অক্টোবর) সরকারি অফিসের শেষ কর্মদিবস। ছুটির কারণে সরকারি অফিসের পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজার এবং আদালতের কার্যক্রমও বন্ধ থাকবে। তবে জরুরি সেবা চালু থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে, দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের অবকাশ পাচ্ছেন।
ছুটির আওতার বাইরে থাকবেন যারা
প্রজ্ঞাপন অনুযায়ী, কিছু জরুরি পরিষেবা এবং প্রতিষ্ঠান ছুটির আওতার বাইরে থাকবে। সেগুলোর মধ্যে রয়েছে-
১. জরুরি পরিষেবা: বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাকসেবায় নিয়োজিত কর্মীরা ছুটির আওতার বাইরে থাকবেন। এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও দায়িত্ব পালন করবেন।
২. হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা: হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা ছুটির বাইরে থাকবেন।
৩. চিকিৎসক ও ওষুধ সরবরাহ: চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীদের পাশাপাশি ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহনে নিয়োজিত যানবাহন ও কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন।
৪. জরুরি দাপ্তরিক কাজ: জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো প্রয়োজন অনুযায়ী কার্যক্রম চালু রাখবে।
৫. ব্যাংক ও আদালত: ছুটির সময়ে ব্যাংক কার্যক্রম পরিচালনার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। অন্যদিকে আদালতের কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।
৬. বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানা: বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
কেন টানা পাঁচ দিনের ছুটি?
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত ছিল। ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এ ছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ২৩ অক্টোবর শুক্রবার ও ২৪ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন।
এর আগে ৫ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
টানা ছুটিকে কেন্দ্র করে রাজধানী থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রীর চাপ বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দীর্ঘ অবকাশের সুযোগ থাকায় অনেকেই পরিবারের সঙ্গে সময় কাটাতে আগেভাগে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন