প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ময়মনসিংহের ভালুকায় গার্মেন্ট শ্রমিক দিপু চন্দ্র দাসকে নারকীয় উৎসবের মাধ্যমে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর বস্ত্রহীন অবস্থায় গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানোর ঘটনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা বলেছে, দেশে প্রাণের অধিকার ও আইনের শাসন নেই। সরকারের কোনো অস্তিত্ব আছে বলেও মনে হচ্ছে না।
সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন শনিবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে জানান, ভালুকার হত্যাকাণ্ডটি শুধুমাত্র একটি নৃশংস ঘটনা নয়। এটি সমাজ থেকে মনুষ্যত্ববোধ ও যুক্তিবোধের উধাও হয়ে যাওয়ার নজির। হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী বা প্রত্যক্ষকারী শতশত মানুষ যে পৈশাচিক অপরাধে জড়িত হয়েছে, তা একটি ভয়াবহ সামাজিক মনোবৈকল্যকে নির্দেশ করে। এই অভিঘাত থেকে পুণ্যবান-পাপী, ধার্মিক-ধর্ম বিমুখ, মুসলিম-হিন্দু কেউ রক্ষা পাবে না।
নেতৃবৃন্দ আরও বলেন, গুটি কয়েক উন্মত্ত ব্যক্তি ও উগ্র ডানপন্থী স্বার্থান্বেষী গোষ্ঠী ছাড়া আর কেউ এমন সমাজ চায় না। বিবৃতিতে উল্লেখ করা হয়, ভালুকাসহ সারা দেশে চলমান সকল বীভৎসতার প্রধান কারণ হলো দেশে ন্যূনতম আইনের শাসন না থাকা। এর ফলে এখানে প্রাণের অধিকারও নেই। নেতৃবৃন্দ অভিযোগ করেন, দেশের এই শোচনীয় অবস্থার দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে।
নেতৃবৃন্দের অভিযোগ, দেশে কোনো সরকারের অস্তিত্ব নেই অথবা সরকারের মদদেই দেশে দ্বৈত শাসন চালু হয়েছে। অধ্যাপক ইউনূস সরকার যে সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, বাস্তবে সেই সংবিধান ও আইনকে পাশ কাটিয়ে শরীয়া আইনের প্রচলন ঘটানো হয়েছে। গার্মেন্ট শ্রমিক দিপু চন্দ্র দাস মিথ্যা অপবাদ মাথায় নিয়ে নিষ্ঠুর শিকার হয়েছেন। নেতৃবৃন্দ আরও বলেন, সরকার যদি এখনো তার শপথের প্রতি সামান্য অঙ্গীকারবোধ করে, তাহলে ভালুকার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি একটি অসহায় মানুষের জীবন বাঁচাতে কিছু না করার দায় নিয়ে দিপু চন্দ্র দাসের তিন বছরের কন্যা সন্তান ও পরিবারের দায়িত্ব নিতে হবে; হয়তো তিনি ন্যায় বিচার পাবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন