প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নড়াইলের একমাত্র ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ভয়াবহ জনবল সংকটের কারণে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রয়োজনের অর্ধেকেরও কম চিকিৎসক এবং জনবল নিয়ে চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। প্রতিটি বেডের বিপরীতে ভর্তি হয়ে চিকিৎসাসেবা নিচ্ছে চার থেকে পাঁচজন রোগী। বেডে সিট না পেয়ে বেশির ভাগ রোগীকে ফ্লোরে অথবা বারান্দায় থেকে কষ্ট করে চিকিৎসা নিতে হচ্ছে।
রোগীদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ জনবলের ঘাটতির কারণে। সামান্য কিছু সমস্যা নিয়ে আসা রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে পাঠানো হচ্ছে পার্শ্ববর্তী জেলা যশোর, খুলনা অথবা রাজধানী ঢাকায়। এর ফলে চিকিৎসা নিতে আসা রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে মারাত্মকভাবে, এবং অপচয় হচ্ছে বাড়তি অর্থের। ভুক্তভোগীরা দ্রুত হাসপাতালের জনবল বাড়ানোর দাবি জানাচ্ছেন। কর্তৃপক্ষ জানাচ্ছে, হাসপাতালটি একশ শয্যার হলেও এখানে দুইশত পঞ্চাশ শয্যার নতুন ভবন রয়েছে।
সরকার সবার জন্য মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর হলেও আট লক্ষাধিক লোকের জন্য নড়াইলে স্বাস্থ্যসেবার নিশ্চয়তা নেই। নড়াইল জেলা হাসপাতালের প্রতিটি বিভাগের একই অবস্থা বিরাজমান। রোগী ও রোগীর স্বজনদের ভিড়ে হাসপাতালে প্রবেশ করা যেন কঠিন হয়ে পড়েছে। জেলায় বিকল্প কোনো হাসপাতাল না থাকায় বেশির ভাগ রোগীকে কষ্ট করে চিকিৎসা নিতে হচ্ছে। অসংখ্য রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে পাঠানো হচ্ছে পার্শ্ববর্তী জেলা যশোর, খুলনা অথবা রাজধানী ঢাকাসহ বিভিন্ন বড় শহরে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১০০ শয্যার হাসপাতাল হলেও পঞ্চাশ শয্যার বিপরীতে যে পরিমাণ চিকিৎসক-নার্স থাকার কথা তা-ও নেই। এখানে কনসালটেন্ট থাকার কথা ১২ জন, কিন্তু আছেন ৬ জন; সিনিয়র কনসালটেন্ট থাকার কথা ৮ জন, কিন্তু আছেন ১ জন; ইমারজেন্সি মেডিকেল অফিসার থাকার কথা ৫ জন, কিন্তু একজনও নেই; মেডিকেল অফিসার থাকার কথা ৪ জন, কিন্তু একজনও নেই। অথচ একশত বেডের হাসপাতালে গড়ে প্রতিদিন ভর্তি হয়ে চিকিৎসাসেবা নিচ্ছে সাড়ে ৩শ থেকে চারশ জন রোগী, আউটডোরে দিনে ৭শ থেকে ৮শ জন এবং ইমারজেন্সিতে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে ২শ থেকে ৩শ জন রোগী। জনবলের অভাবে রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে এ জনপদের মানুষ।
নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ ফ ম মশিউর রহমান বাবু জানান, হাসপাতালের একটি দশতলা ভবনের কাজ প্রায় শেষ পর্যায়ে। ভবনটি চালু হলে এবং প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসকসহ জনবল নিয়োগ করা হলে নড়াইলের মানুষের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে। বর্তমানে বিভিন্ন সংকটের মধ্যেও জনগণকে যথাযথ সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
দ্রুত হাসপাতালটি ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে নড়াইলের আট লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে—এমনটাই প্রত্যাশা এ জনপদের মানুষের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন