প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ম্যাচ শুরুর আগে সৌজন্যতা বিনিময়ের সময় নেইমারের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়ে ভাস্কো দা গামার মিডফিল্ডার থিয়াগো মেন্দেস পুরোনো দ্বন্দ্বকে নতুন করে সামনে নিয়ে এসেছেন। রোববার (১৬ আগস্ট) সাও জানুয়ারিওতে সান্তোস ও ভাস্কোর মধ্যে ম্যাচের আগে ঘটে যাওয়া এই ঘটনা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ওঠে।
ম্যাচ শুরুর পূর্বে দুই দলের খেলোয়াড়েরা যখন প্রথাগত শুভেচ্ছা বিনিময় করছিলেন, তখন নেইমার হাত বাড়িয়ে দিলেও মেন্দেস ইচ্ছাকৃতভাবে তা এড়িয়ে যান। ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। নেইমারের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকেও দেওয়া হয় দুঃখের ইমোজি।
এদিকে গ্যালারির পরিবেশও উত্তপ্ত হয়ে ওঠে। স্বাগতিক সমর্থকদের কেউ কেউ নেইমারের কান্নার মাস্ক বিতরণ করতে শুরু করেন। নেইমারের ঘনিষ্ঠ বন্ধু জোতা আমানসিও মেন্দেসকে সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন, যেখানে রোনালদিনহোর একটি বিখ্যাত মন্তব্য তুলে ধরে মেন্দেসকে পরোক্ষভাবে কটাক্ষ করা হয়েছে।
নেইমার ও মেন্দেসের দ্বন্দ্বের শুরু ছিল ২০২০ সালে। সেই সময় নেইমার পিএসজিতে এবং মেন্দেস লিওঁর হয়ে খেলছিলেন। তখন দুই দলের এক ম্যাচে নেইমারের গোড়ালিতে গুরুতর চোট লাগার কারণে মেন্দেস লাল কার্ড দেখেছিলেন। পরে তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলেও সেই ঘটনার রেশ পুরোপুরি কাটেনি।
চলতি বছরের শুরুতে দুজনই ব্রাজিলিয়ান ফুটবলে ফিরে আসার পর পুরোনো বিরোধ আবারও সামনে আসে। সাম্প্রতিক এক ম্যাচে মেন্দেসের ফাউলকে কেন্দ্র করে নেইমারের সঙ্গে তার বাদানুবাদ হয়। একপর্যায়ে মেন্দেস নেইমারের মুখে হাত দিলে তিনি পড়ে যান। দুইজনকেই রেফারি হলুদ কার্ড দেখান। বিরতির সময় টানেলেও তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ঘটে।
পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নেইমার মেন্দেসকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি স্পোর্টটিভিকে বলেন, "সে সবসময় ঝামেলা শুরু করতে চায়, নিজেকে কঠিন লোক হিসেবে দেখাতে চায়। ব্যাপারটা সবসময় এমনই। সবিনয়ে বলছি, সে একটা আস্ত বেয়াদব।"
ম্যাচের আগে হাত মেলানো নিয়ে নতুন এই ঘটনাকে তাই দুভাগের দীর্ঘদিনের বৈরিতার আরেকটি অধ্যায় হিসেবেই দেখছেন ব্রাজিলিয়ান ফুটবলের অনুসারীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন