প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফিলিস্তিনিরা দুঃখের যেন শেষ নেই। তাদের নিত্যদিনের সঙ্গী হলো কান্না। এই দুঃখের মধ্যেও তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করছিলেন একজন মানুষ। বিশ্বকাপ ফুটবল যখন পুরো বিশ্বকে মাতোয়ারা করে রেখেছে, তখন তিনি গাজার উদ্বাস্তু বাসিন্দাদের জন্য বিশ্বকাপ ম্যাচ দেখার আয়োজন করেছিলেন। হাজারো ফিলিস্তিনির মনে জায়গা করে নেওয়া সেই মানুষটাকেও হত্যা করেছে ইসরাইল।
বর্তমানে গাজা উপত্যকা ইসরাইলি হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে খাদ্য নেই, পানি নেই, নেই চিকিৎসা। খোলা আকাশের নিচে তাঁবু টানিয়ে কোনোরকমে বেঁচে থাকার লড়াই করছেন ২০ লক্ষাধিক মানুষ। এসব অসহায় মানুষের জন্য কাজ করছিলেন মিশরীয় ত্রাণকর্মী মোহাম্মদ আল-ওয়াহিদি।
গাজায় মিশরের প্রধান ত্রাণ সংস্থার এই সিনিয়র কর্মকর্তা হিসেবে অনেকের কাছে তিনি ছিলেন সবচেয়ে পরিচিত মানবিক সহায়তাকর্মীদের একজন। গত মাসে ফিফা বিশ্বকাপ শুরু হলে গাজাবাসীর জন্য তা প্রদর্শনীর ব্যবস্থা করেছিলেন তিনি।
ইসরাইলি হামলার মধ্যেও গাজার বিভিন্ন এলাকায় বড় পর্দায় বিশ্বকাপ ম্যাচ দেখার সুযোগ হাজারো ফুটবলপ্রেমীকে কিছুটা স্বস্তি এনে দিয়েছিল, কিন্তু সেই গাজা অন্তপ্রাণ মানুষটিকে হত্যা করা হলো ইসরাইলের হাতে।
গত মঙ্গলবার (৭ জুলাই) বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার খেলার প্রাক্কালে গাজার সাবরা এলাকায় বিমান হামলা চালিয়ে ৫৭ বছর বয়সি মোহাম্মদ আল-ওয়াহিদি সহ চারজনকে হত্যা করা হয়। নিহতদের মধ্যে ১০ ও ৮ বছর বয়সি দুই ভাইবোনও ছিলেন, যারা ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিল।
ফিলিস্তিনি মানবাধিকার কেন্দ্র (পিসিএইচআর) জানিয়েছে, হামলায় নিহত চতুর্থ ব্যক্তি ছিলেন ৩০ বছর বয়সি আহমেদ জিহাদ রজব দোগমুশ। তিনি ট্যাক্সি ভেতরে ছিলেন। তবে তিনি চালক ছিলেন নাকি যাত্রী, তা স্পষ্ট নয়। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, তারা একজন হামাস যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল এবং নিরীহ ব্যক্তিদের নিহত হওয়ার অভিযোগের বিষয়ে তারা অবগত।
ইসরাইলি বিমান হামলায় ওয়াহিদির মৃত্যুতে গাজার সমগ্র অঞ্চলে মুহূর্তে গভীর শোকের ঢেউ বয়ে যায়। তার মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার কাজের ছবি ও ভিডিওতে ভরে ওঠে। সেই সঙ্গে আসতে থাকে শত শত শোকবার্তা। বিশেষ করে যারা ত্রাণ বিতরণের সময় বা বাস্তুচ্যুত মানুষের শিবিরে থাকার সময় তার সংস্পর্শে এসেছিলেন, তাদের কাছ থেকে।
গাজাবাসীর অনেকেই বলেন, তিনি গোটা উপত্যকার আশ্রয়শিবিরগুলোতে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন, কারণ তিনি অফিসে বসে কাজ করার বদলে মাঠপর্যায়ে থেকেও বেশি পছন্দ করতেন।
তার সাথে কাজ করা স্বেচ্ছাসেবকরা তাকে এমন একজন ব্যক্তি হিসেবে বর্ণনা করেন, যিনি নিয়মিতভাবে ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে উপস্থিত থাকতেন, বাস্তুচ্যুত পরিবারগুলোর সঙ্গে সরাসরি কথা বলতেন এবং তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয়তা মেটানোর চেষ্টা করতেন। এই উদ্যোগের লক্ষ্য ছিল পরিবারগুলোকে, বিশেষত শিশুদের, যুদ্ধের বাস্তবতা থেকে কিছুটা ছন্দময় অবসরে নিয়ে আসা।
মোহাম্মদ আল-ওয়াহিদি মূলত গাজায় মিসরীয় রিলিফ কমিটির জনসংযোগ পরিচালক ছিলেন। যুদ্ধের সময় ধ্বংসস্তূপ সরানো, সড়ক চালু করা এবং বাস্তুচ্যুত মানুষের জন্য আশ্রয়শিবির নির্মাণে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
মিসরীয় রিলিফ কমিটি জানিয়েছে, আল-ওয়াহিদি সমাজে অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন। তিনি মানুষের বিরোধ মীমাংসা করেছেন, অসহায়দের খাবারের ব্যবস্থা করেছেন এবং বিশ্বকাপের ম্যাচ বড় পর্দায় প্রদর্শন করে যুদ্ধবিধ্বস্ত মানুষের মুখে কিছুটা আনন্দ ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন।
গত বুধবার (৮ জুলাই) গাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় গাজার হাজার হাজার মানুষ তার জানাজায় অংশ নেন। দাফনের আগে আল-ওয়াহিদির মরদেহ ফিলিস্তিন ও মিসরের জাতীয় পতাকায় মোড়ানো হয়। দিনভর প্রতিবেশী, বন্ধু ও স্বজনরা তার বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানান।
এদিন আল-ওয়াহিদির ছেলে ফাওয়াজ রয়টার্সকে ফোনে বলেন, ‘আমার বাবা বাস্তুচ্যুত মানুষ, যুদ্ধের শিকার পরিবার এবং গাজার কষ্টে থাকা মানুষের জন্য অন্তত কিছুটা আনন্দ এনে দিতে চেয়েছিলেন। তাই তিনি তাদের তাঁবু ও ধ্বংসস্তূপের পাশে বিশ্বকাপের ম্যাচ দেখার ব্যবস্থা করেছিলেন।’
ফাওয়াজ আরও বলেন, ত্রাণ সংস্থায় কাজ করা খুবই কঠিন ছিল। তবুও তার বাবা সবসময় বলতেন, যুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষের পাশে দাঁড়াতে চান।
মিশরের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, আল-ওয়াহিদি ত্রাণ সংস্থার লজিস্টিক কার্যক্রমের দায়িত্বে ছিলেন। এই সংস্থাটি গাজায় মিশর সরকারের ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। সূত্রগুলো আরও জানায়, মিশরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আল-ওয়াহিদির মৃত্যুর বিষয়টি ইসরাইলের কাছে উত্থাপন করেছেন। তিনি গাজায় চলমান বিমান হামলা এবং ত্রাণ কার্যক্রমে বাধা দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন।
মিশরের ম্যাচগুলো বিপুল দর্শক টেনেছে, যা এই দলটির প্রতি গাজার বহু ফিলিস্তিনির দীর্ঘদিনের ভালোবাসার প্রতিফলন — যারা দীর্ঘকাল ধরে প্রতিবেশী দেশ মিসরের সঙ্গে সাংস্কৃতিক, আবেগগত ও রাজনৈতিক সম্পর্ক বজায় রেখে এসেছেন।
ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর মাঝে বড় পর্দার সামনে জড়ো হওয়া শিশু ও পরিবারগুলোর ভিডিও অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়েছে, যা এই সংঘাতের মধ্যেও আনন্দের বিরল দৃশ্য উন্মোচন করে। মিশর বনাম আর্জেন্টিনার শেষ ষোলোর ম্যাচ প্রদর্শনীর মাত্র কয়েক ঘণ্টা আগে আল-ওয়াহিদি নিহত হন, যা বহু ফিলিস্তিনির মনে ক্ষতির বেদনা আরও গভীর করে তোলে।
আল-ওয়াহিদির কাজের নথিপত্র রাখতেন ত্রাণকর্মী মোহাম্মদ হুমাইদ। সহকর্মীর মৃত্যুতে তিনি লিখেছেন: ‘তিনি শুধু একটি মানবিক কমিটির ত্রাণকর্মী ছিলেন না। তিনি ছিলেন বাস্তুচ্যুত ও সর্বস্বহারা মানুষের জন্য প্রতিদিন খুলে যাওয়া আশার একটি দুয়ার।’ তিনি আরও লেখেন, ‘যারা তাকে চিনতেন, তারা সবাই তার দয়া, সততা ও উদারতার কথা বলেন।’ ‘গাজায় যারা নিজেদের জীবন অন্যকে সাহায্য করার জন্য উৎসর্গ করেছেন, তারাও রেহাই পান না। কিন্তু ভালো কাজ কখনো মরে না। তা মানুষের হৃদয়ে বেঁচে থাকে।’
গাজায় মানবিক সহায়তাকর্মীরা এখনও মৃত্যুর ঝুঁকির মধ্যেও কাজ করে চলেছেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এপ্রিল মাসের শেষ নাগাদ যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ৫৯৩ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন, যার মধ্যে ইসরাইল ও হামাসের মধ্যে ১০ মাস আগে যুদ্ধবিরতি হওয়ার পরও আটজন নিহত হয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন