প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীতে টানা ভারী বর্ষণের ফলে সৃষ্টি হওয়া জলজট নিরসনের জন্য, পানি নিষ্কাশন ও উপড়ে পড়া গাছ অপসারণ করে সড়ক সচল রাখতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম ভোর থেকেই মাঠে কাজ শুরু করেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীতে সর্বশেষ ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসের জন্য সর্বোচ্চ। এ অবস্থায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অব্যাহত বর্ষণের কারণে সৃষ্ট জলজট দ্রুত নিরসনের লক্ষ্যে ডিএসসিসি’র কমলাপুরের দুটি ও ধোলাইখালের একটি উচ্চক্ষমতাসম্পন্ন পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে, সড়কের পানি নিষ্কাশনের মুখ পরিষ্কার রাখতে ইমারজেন্সি রেসপন্স টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর আজিমপুরে ইডেন মহিলা কলেজের ২ নম্বর গেটের বিপরীত পাশে একটি বড় গাছ উপড়ে পড়ে সড়ক বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ডিএসসিসি’র প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম ঘটনাস্থলে ছুটে যান এবং হাঁটু পানিতে দাঁড়িয়ে থেকে অপসারণ কার্যক্রম তদারকি ও প্রয়োজনীয় নির্দেশনা দেন।
প্রায় আধা ঘণ্টার চেষ্টায়, দুপুর ১টার দিকে গাছটি সরিয়ে নেওয়ার পর ঐ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
সকাল থেকেই ডিএসসিসি প্রশাসক তার আওতাধীন এলাকার প্রধান প্রধান সড়ক ও গলিপথ পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থানে চলমান পানি নিষ্কাশন কার্যক্রম সরেজমিনে তদারকি করেন।
প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম বলেন, ‘টানা ভারী বর্ষণে সাময়িক জলজট তৈরি হলেও, আমাদের কর্মীরা ভোর থেকেই পরিস্থিতি মোকাবিলায় মাঠে রয়েছে। জলাবদ্ধতা ও প্রতিবন্ধকতা দূর করে নগরজীবন স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’
তিনি নাগরিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বললেন, ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সবসময়ই আপনাদের পাশে রয়েছে।’
এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে ওয়াসা, ডিপিডিসি ও তিতাসসহ বিভিন্ন সংস্থার চলমান রাস্তা খননের ফলে সৃষ্টি হওয়া গর্ত এবং বিভিন্ন এলাকায় ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ বিষয়ে নগরবাসীর প্রতি অত্যন্ত সতর্কতার সঙ্গে এগুলো এড়িয়ে চলার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন