প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রায় ১৭ বছর আগে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন ডিসি রোড এলাকায় সংঘটিত পলাশ হত্যা মামলায় আদালত আজ সোমবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আছেন মাহমুদুল হাসান প্রকাশ সোহেল এবং আইয়ুব আলী প্রকাশ বাবুল।
আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানিয়েছেন, মামলায় ১৬ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পলাশ হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করেছেন। এই রায়ে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার ঘোষণা করা হয়েছে।
রায় ঘোষণার সময় দুই আসামিই পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২০০৯ সালের ২৭ আগস্ট আসামিরা পরিকল্পিতভাবে মো. পলাশকে নগরের বাকলিয়া থানাধীন ডিসি রোড এলাকার জামাল বিল্ডিংয়ের চতুর্থ তলায় নিয়ে হত্যা করেন।
এ ঘটনায় নিহতের ভাই মো. সম্রাট পরদিন ২৮ আগস্ট বাকলিয়া থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে এবং ২০১২ সালের ১২ নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ প্রদান করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন