প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ময়মনসিংহ, ১২ জুলাই, ২০২৬ : ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস.এম.হুমায়ুন কবির সরকার বলেছেন, সমাজে আমাদের শুধু জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রেই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবার পরিকল্পনার গুরুত্ব অপরিসীম। নিয়ন্ত্রিত ও পরিকল্পিত পরিবার পরিকল্পনার মাধ্যমে আমরা এ দেশের মানুষের জন্য আরও ভালো কিছু করার চেষ্টা করতে চাই।
বাংলাদেশে বিশ কোটি জনগণের চল্লিশ কোটি হাতকে পুরোপুরি কর্মক্ষম করে তোলার পদক্ষেপ নেওয়া না হলে নিয়ন্ত্রণের কোন বিকল্প নেই। তা না হলে অনিয়ন্ত্রিত জনসংখ্যা আর্থিক জনসম্পদে পরিণত না হয়ে জনদুর্ভোগের সৃষ্টি করবে। সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধির ভিত্তি। একটি সুস্থ, সুন্দর ও পরিকল্পিত পরিবারই ভবিষ্যৎ নির্মাণের জন্য আবশ্যক।
আজ রোববার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহ বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে ‘তারুণ্যের আশা-আকাক্সক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ শিরোনামে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেকহা) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন এবং বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় প.প. কার্যালয়ের পরিচালক মো. মাজহারুল হক চৌধুরী। জেলা প.প. কার্যালয়ের ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় বিশেষ অতিথি বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) বলেছেন, দুটি সন্তানের বেশি না হয়, একটি হলে ভালো। যদি জনসংখ্যার অপরিকল্পিত বৃদ্ধি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে এটি একটি বোঝা হয়ে দাঁড়াবে। তাই পরিকল্পিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যাই দেশের জন্য অধিক অর্থনৈতিক সম্পদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ‘মমেকহা’র পরিচালক মন্তব্য করেছেন, পরিবার কল্যাণ পরিদর্শিকা থেকে শুরু করে বিভাগীয় পর্যায় পর্যন্ত এ কাজের সফলতা সমষ্টিগত প্রচেষ্টার ফসল। মাঠ পর্যায়ের গুরুত্বপূর্ণ কাজের সফল বাস্তবায়নের জন্য সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
সভায় সমাপনী বক্তব্যে সভাপতি জানিয়েছেন, পরিবার পরিকল্পনার মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা মানুষের দোরগোড়ায় এমনকি বাড়ির রান্নাঘর পর্যন্ত সেবা দিয়ে থাকে। তারা কেবল জন্মনিয়ন্ত্রণ নয়, মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি, উঠান বৈঠক, বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করেন। সুস্থ পরিবার, সুস্থ দেশ, সমৃদ্ধ অর্থনীতির জন্য এ প্রচেষ্টা জরুরী।
সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করা ময়মনসিংহ বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের হাতে পুরস্কার হিসেবে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন