প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ আগামী রোববার ভারত সফরে যাচ্ছেন। চলতি বছরের মার্চ মাসে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রতিবেশী দেশে প্রথম সফর হবে।
শুক্রবার নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য প্রকাশ করেন। বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে এ বিষয়টি উঠে এসেছে।
৩৬ বছর বয়সী বালেন্দ্র শাহ, যিনি র্যাপার থেকে রাজনীতিতে এসেছেন, সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন।
৩০ মিলিয়ন বা ৩ কোটি মানুষের দেশ নেপাল হিমালয় অঞ্চলের একটি স্থলবেষ্টিত রাষ্ট্র হিসেবে পরিচিত। দীর্ঘকাল ধরে প্রতিবেশী দুই শক্তিশালী দেশ ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে হচ্ছে নেপালকে।
ভারত দীর্ঘদিন ধরে নেপালকে একটি ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করে। দুই দেশের মধ্যে নেপালের দক্ষিণাঞ্চলীয় সমতলভূমি বরাবর বিস্তৃত সীমান্ত রয়েছে।
নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা অমৃত বাহাদুর রাই সাংবাদিকদের বলেন, ‘ভারত নেপালের একটি বড় ও গুরুত্বপূর্ণ অংশীদার।’
তিনি আরও জানান, দুই দেশের নেতাদের বৈঠকে বাণিজ্য, পণ্য পরিবহন, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগব্যবস্থা এবং অবকাঠামো উন্নয়ন নিয়ে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সফর নেপালের সঙ্গে সম্পর্ককে ভারত কতটা গুরুত্ব দেয়, তারই প্রতিফলন।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, নেপালের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ভারত। দেশটির মোট আমদানির ৬০ শতাংশের বেশি ভারত থেকে আসে, যার আর্থিক মূল্য ৮ দশমিক ৬ বিলিয়ন ডলার। অন্যদিকে, চীন থেকে নেপালের আমদানির পরিমাণ ১৩ শতাংশ, যার মূল্য ১ দশমিক ৮ বিলিয়ন ডলার।
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর বালেন্দ্র শাহ তার পূর্বসূরিদের মতো দ্রুত বিদেশ সফরে যাননি। বরং প্রথমদিকে বিদেশ সফর থেকে বিরত ছিলেন তিনি।
প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বিদেশ সফর ছিল গত সেপ্টেম্বরে নিউইয়র্কে, যেখানে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন।
সেসময় নেপাল ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ধকল সামলাচ্ছিল। উঁচু পাহাড়ি এলাকায় হিমবাহ ধসে সৃষ্ট আকস্মিক বন্যায় সুনামির মতো পরিস্থিতির সৃষ্টি হয়। এতে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন এবং ৫ হাজার মানুষ নিখোঁজ হন।
বিশ্বে গ্রিনহাউস গ্যাস নিঃসরণে নেপালের অবদান খুবই সামান্য। দেশটির সরকার ধারণা করছে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে ৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার ব্যয় হবে।
ভারত সফরে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে থাকবেন দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে এবং পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল।
জেন-জি আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা সরকারের অধীনে নেপালের পররাষ্ট্রনীতিতে নতুন করে ভারসাম্য ও সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগের অংশ হিসেবে এই সফর হচ্ছে।
কাঠমান্ডুভিত্তিক সাময়িকী ‘দ্য ডিপ্লোম্যাট’-এর সম্পাদক ও সাংবাদিক গুনা রাজ লুইটেল বলেন, ‘জেন-জি বিক্ষোভের পর নতুন সরকার গঠিত হওয়ার পর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ভারতের সঙ্গে সম্পর্ক নতুন করে জোরদার করা এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন