প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন, ঠিকাদারের কাছ থেকে প্রকৌশলীদের উপহার গ্রহণের বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিতর্কিত মন্তব্যের প্রতি প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি মন্তব্য করেন, প্রতিমন্ত্রীর বক্তব্যের ৯৫ শতাংশ সঠিক হলেও ৫ শতাংশ ভুল ছিল। তিনি উল্লেখ করেন, উপহার বা অন্য কোনো নামে অভিহিত করা হোক, ঘুষের লেনদেন সম্পূর্ণ অবৈধ এবং অনৈতিক।
বুধবার (১১ নভেম্বর) ইশরাক হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ মন্তব্য করেন। তিনি বলেন, জনগণের করের টাকায় নির্মিত উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে প্রতিমন্ত্রীর বক্তব্য যথার্থ ছিল। তবে ঠিকাদারের কাছ থেকে উপহার গ্রহণের বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ইশরাক আরও জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল কোনো অবৈধ ও অনৈতিক কাজ সমর্থন করে না। তিনি বলেন, এটি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত বক্তব্য ও চর্চা হতে পারে; তবে প্রধানমন্ত্রী ও সরকার এ ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করে না। তাই গণমাধ্যমে বিষয়টিকে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত বক্তব্য হিসেবেই প্রচার করা উচিত ছিল।
এদিকে, ইশরাকের এই প্রতিক্রিয়ার আগে ও পরে প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা সৃষ্টি হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক বিবৃতিতে এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, সরকারি দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে ‘উপহার’ নেওয়ার সুযোগ নেই। কাজের মান যাচাই ও নিয়ম মেনে বিল পরিশোধ করা প্রকৌশলীদের দাপ্তরিক দায়িত্ব। এর বিনিময়ে ব্যক্তিগত সুবিধা গ্রহণ দুর্নীতিকে উৎসাহিত করতে পারে।
সমালোচনার মুখে বুধবার (১১ নভেম্বর) সকালে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক ব্যাখ্যায় জানানো হয়, তিনি তার অনানুষ্ঠানিক বক্তব্য প্রত্যাহার করেছেন। একই সঙ্গে মন্ত্রণালয় দাবি করেছে, প্রতিমন্ত্রীর বক্তব্যকে ঘুষের বৈধতা দেওয়ার সঙ্গে তুলনা করা বিভ্রান্তিকর। সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের অবৈধ সুবিধা গ্রহণের সুযোগ নেই।
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী। সেখানে তিনি বলেন, নির্মাণকাজের গুণগত মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদার নিজের লভ্যাংশ থেকে খুশি হয়ে কোনো প্রকৌশলীকে উপহার দিলে সেটিকে ঘুষ বলা যাবে না। এমন উপহার প্রকৌশলীরা গ্রহণ করতে পারেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণের করের টাকায় উন্নয়নকাজ বাস্তবায়নের ক্ষেত্রে গুণগত মানের সঙ্গে কোনো আপস করা যাবে না। কাজের মান খারাপ করে অর্থ সাশ্রয় করে ঠিকাদার ও প্রকৌশলীদের মধ্যে ভাগাভাগির মতো অনিয়ম থেকেও বিরত থাকতে হবে। নতুন প্রকৌশলীদের দায়িত্ব পালনে সততা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বানও জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন