প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ এবং বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শেয়ার বিক্রির চাপের কারণে বিশ্ব শেয়ারবাজারে ব্যাপক দরপতন ঘটেছে। শেয়ারবাজারে লেনদেনের প্রথম দিন বড় উত্থানের পর শুক্রবার (২০ নভেম্বর) এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এক পর্যায়ে শেয়ারটির দাম আইপিওতে নির্ধারিত দামের কাছাকাছি নেমে আসে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রধান তিনটি শেয়ার সূচকই বড় পতনের মধ্য দিয়ে দিন শেষ করেছে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৩ দশমিক ৭ শতাংশ, ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ১ দশমিক ৯ শতাংশ এবং প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট সূচক ৫ দশমিক ৩ শতাংশ কমেছে। এই পতনের ফলে এসঅ্যান্ডপি ৫০০ ও ডাও জোন্স সূচক সংশোধন পর্যায়ে প্রবেশ করেছে। বাজারের সংশোধন হিসেবে বিবেচিত হয় যখন কোনো সূচক সাম্প্রতিক সর্বোচ্চ অবস্থান থেকে ১০ শতাংশ বা তার বেশি কমে যায়। তবে এক বছর আগে তুলনা করলে তিনটি সূচকই এখনও ঊর্ধ্বমুখী রয়েছে।
গত এক বছরে হাতে গোনা কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এআই খাতে এক ট্রিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। বিনিয়োগের এই দ্রুত বিস্তার থেকে প্রত্যাশিত মুনাফা আসবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন উঠেছে। এর ফলে আর্থিক বাজারে বুদ্বুদ তৈরির আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগের পরিমাণ ও গতি নিয়ে উদ্বেগের পাশাপাশি এসব প্রতিষ্ঠানের ভবিষ্যৎ আয় নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
নভেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তাঁদের আশঙ্কা, এর ফলে এআই প্রযুক্তির উন্নয়ন ও সম্প্রসারণের গতি কমে যেতে পারে।
বৃহস্পতিবার নাসডাকে লেনদেন শুরু করে অ্যানথ্রপিক। প্রথম দিন প্রতিষ্ঠানটির শেয়ারের লেনদেন শুরু হয় ১১১ ডলার ৫০ সেন্টে। পরে দাম কমে দিন শেষে ৯৭ ডলার ১৭ সেন্টে পৌঁছায়, যা আইপিওতে নির্ধারিত ৮৩ ডলারের তুলনায় ১৭ শতাংশ বেশি ছিল। তবে শুক্রবার শেয়ারটির দাম এক পর্যায়ে ১২ শতাংশের বেশি কমে প্রায় ৮৫ ডলারে নেমে আসে। দিন শেষে দরপতনের পরিমাণ দাঁড়ায় ৮ দশমিক ৫ শতাংশ। ফলে প্রথম দিনের উত্থানের প্রায় অর্ধেক হারিয়েছে প্রতিষ্ঠানটি।
বিশ্লেষকদের মতে, অ্যানথ্রপিকের মতো প্রথম সারির এআই প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন শুরুর প্রথম কয়েক দিন, এমনকি কয়েক সপ্তাহ পর্যন্ত দামের ওঠানামা স্বাভাবিক। কারণ, শেয়ারবাজারে আসা এ ধরনের প্রতিষ্ঠানের সরাসরি তুলনীয় কোনো প্রতিষ্ঠান নেই। কেউ কেউ ইলন মাস্কের স্পেসএক্সের সঙ্গে এর মিল খুঁজে পাচ্ছেন। জুনে শেয়ারবাজারে আসার সময় স্পেসএক্স ছিল ইতিহাসের সবচেয়ে বড় আইপিও। লেনদেন শুরুর প্রথম কয়েক সপ্তাহে প্রতিষ্ঠানটির শেয়ারের দামেও বড় ধরনের ওঠানামা দেখা গিয়েছিল।
বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান আলফাসেন্সের কৌশলবিদ এড মোয়া বলেন, অ্যানথ্রপিকের বড় আইপিও বৃহত্তর এআই বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে পারেনি বলেই মনে হচ্ছে। বিবিসিকে তিনি বলেন, এআইয়ের চাহিদা এখনো শক্তিশালী। তবে বিনিয়োগকারীরা হিসাব করছেন, এই প্রবৃদ্ধির জন্য তাঁরা কতটা অর্থ ব্যয় করতে প্রস্তুত।
মোয়ার মতে, গত কয়েক সপ্তাহে বাজারে নতুন নতুন ঝুঁকি সামনে এসেছে। ওয়াল স্ট্রিট এখন যেকোনো মূল্যে প্রবৃদ্ধিকে পুরস্কৃত করার প্রবণতা থেকে সরে এসে শক্তিশালী নগদ অর্থপ্রবাহ এবং মুনাফা অর্জনের সুস্পষ্ট পথ দেখতে চাইছে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শেয়ারেও বড় দরপতন হয়েছে। দিন শেষে এনভিডিয়ার শেয়ারের দাম কমেছে ১৩ দশমিক ৭ শতাংশ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির হিসাবরক্ষণ পদ্ধতি নিয়ে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) তদন্ত করছে। তবে বিবিসি এ তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি।
ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্সের শেয়ারের দামও ৭ দশমিক ৬ শতাংশের বেশি কমেছে। এনভিডিয়ার চিপ কেনার ক্ষেত্রে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ক্রয়াদেশের অর্থ জোগাতে বন্ড বিক্রির ঘোষণা দেওয়ার পর স্পেসএক্সের শেয়ারে চাপ তৈরি হয়। এ ছাড়া মেটার শেয়ারের দাম ৫ শতাংশের বেশি এবং অ্যামাজনের ৪ শতাংশের বেশি কমেছে। অ্যাপল ও অ্যালফাবেটের শেয়ারেও দরপতন দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের বাইরে ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলোতেও নেতিবাচক প্রভাব পড়েছে। শুক্রবার জার্মানির ড্যাক্স সূচক ২ দশমিক ৬ শতাংশ, ফ্রান্সের সিএসি ৪০ সূচক ১ দশমিক ৯ শতাংশ এবং যুক্তরাজ্যের এফটিএসই ১০০ সূচক ১ শতাংশ কমেছে।
এর আগে শুক্রবার এশিয়ার প্রযুক্তিনির্ভর শেয়ারবাজারগুলোতেও বড় পতন ঘটে। দক্ষিণ কোরিয়ার কসপি ও জাপানের নিক্কেই ২২৫ সূচক প্রায় ৫ শতাংশ করে কমেছে। মেমোরি চিপ নির্মাতা এসকে হাইনিক্স, কিওক্সিয়া ও টোকিও ইলেকট্রনের পাশাপাশি স্যামসাং ইলেকট্রনিকসের শেয়ারেও দরপতন হয়েছে।
তাইওয়ানের শেয়ারবাজার শুক্রবার প্রায় ৬ শতাংশ কমেছে। এতে সপ্তাহজুড়ে বাজারটির পতনের পরিমাণ ১৭ শতাংশ ছাড়িয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯০ সালের পর এটিই দেশটির শেয়ারবাজারে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। তথ্যসূত্র: বিবিসি, রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন