প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের শ্রীপুরে মাদকসেবী স্বামীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক স্ত্রী নিহত হয়েছেন। ঘটনার পর স্বামী পালিয়ে গেছে। সোমবার (১৩ জুলাই) মধ্য রাত ২টা ৪৫ নাগাদ শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি (লিচু বাগান) মজনুর বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত পোশাক শ্রমিক নাসিমা আক্তার (২৭) নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খৈলাসপুর (বনপাড়া) গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। অপরদিকে, ঘাতক স্বামী সাইদুল ইসলাম ময়মনসিংহের তারাকান্দা থানার গিদাপাড়া (বাদরাকান্দা) গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র।
নিহতের গ্রামের বাড়ির প্রতিবেশী শামীম মিয়া জানান, নাসিমা আক্তারের স্বামী মাদকসেবী। প্রতিনিয়তই নেশার টাকার জন্য তাদের মধ্যে ঝগড়া হয়ে আসছিল। প্রায় মাস খানেক আগে নাসিমা তার দুই সন্তান, আটটি বছরের এক মেয়ে এবং পাঁচ বছরের এক ছেলেকে নিয়ে শ্রীপুরে চলে আসেন। শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি (লিচু বাগান) মজনুর বাড়িতে ভাড়া থেকে তিনি স্থানীয় ওয়ানটেক্স পোশাক কারখানায় চাকরি করতেন। রোববার (১২ জুলাই) নাসিমা প্রথম মাসের বেতন পেয়ে বাসায় ফেরেন। খবর পেয়ে ওই রাতেই তার স্বামী সাইদুল ইসলাম বাসায় চলে আসেন। রাতে নাসিমার কাছে টাকা চাইলে তিনি দিতে অস্বীকার করেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে স্বামী তার দুই সন্তানের সামনে স্ত্রী নাসিমা আক্তারকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবরিনা তাহসিন জানান, পোশাক শ্রমিক নাসিমা আক্তারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার শরীরের উপর্যুপরি একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাদী মোহাম্মদ বলেন, নিহত পোশাক শ্রমিক নাসিমা আক্তারের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক সাইদুলকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। নিহতের স্বজনদের আবেদনের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন