প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বর্ষাকাল অনেকের কাছে প্রিয় সময়। ঝুম বৃষ্টি, মাটির গন্ধ এবং বৃষ্টিভেজা প্রকৃতি মানুষের মনকে ভালো করে তোলে। কিন্তু এই সময় আবহাওয়ার আচরণ বেশ অনিয়মিত হয়ে থাকে। কখনো তুমুল বৃষ্টি হয়, আবার কিছুক্ষণ পরেই তীব্র রোদ দেখা দেয়।
অফিস, স্কুল কিংবা জরুরি কাজে বাইরে বের হলে হঠাৎ করে বৃষ্টিতে ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে। ছাতা বা বৃষ্টির পোশাক সঙ্গে না থাকলে অনেক সময় সম্পূর্ণ ভিজে গন্তব্যে পৌঁছাতে হয়।
বৃষ্টিতে ভিজে যাওয়ার পর অনেকের মধ্যে সর্দি, কাশি, জ্বর বা গলা ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। তবে শুধুমাত্র বৃষ্টির পানি এসব সমস্যার কারণ নয়। শরীরের তাপমাত্রার হঠাৎ পরিবর্তন এবং বিভিন্ন ভাইরাসের সংক্রমণও এর পেছনে ভূমিকা রাখতে পারে। তাই বৃষ্টিতে ভিজলে কিছু সহজ অভ্যাস মেনে চললে অসুস্থ হওয়ার ঝুঁকি কমানো সম্ভব।
ভেজা পোশাক দ্রুত বদলে ফেলুন
বৃষ্টিতে ভিজে গেলে প্রথমে ভেজা পোশাক পরিবর্তন করা উচিত। অনেকেই ভেজা কাপড় পরে দীর্ঘ সময় অফিসে, বাসায় বা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকেন। এতে শরীরের তাপমাত্রা দ্রুত কমে যেতে পারে এবং অস্বস্তি বাড়তে পারে।
সুতরাং বর্ষাকালে বাইরে বের হলে ব্যাগে অতিরিক্ত একটি শুকনো পোশাক রাখার অভ্যাস গড়ে তুলতে পারেন। এতে হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে দ্রুত পোশাক পরিবর্তন করা সম্ভব হবে।
হালকা গরম পানিতে গোসল করুন
বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরার পর হালকা গরম পানিতে গোসল করা যেতে পারে। এটি শরীরের তাপমাত্রা স্বাভাবিক করতে সাহায্য করে। পাশাপাশি ত্বক ও চুলে লেগে থাকা ধুলাবালি, দূষণ এবং ময়লাও পরিষ্কার হয়ে যায়।
তবে খুব গরম পানি ব্যবহার না করে হালকা গরম পানি ব্যবহার করাই উত্তম।
চুল ভেজা রাখবেন না
বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরার পর মাথার চুলও ভালোভাবে শুকিয়ে নিতে হবে। দীর্ঘ সময় চুল ভেজা থাকলে অস্বস্তি, মাথাব্যথা বা সাইনাসের সমস্যা দেখা দিতে পারে।
সুতরাং পরিষ্কার তোয়ালে দিয়ে চুল ভালোভাবে মুছে নিতে হবে। প্রয়োজন হলে হালকা বাতাসে বা চুল শুকানোর যন্ত্রের সাহায্যেও শুকিয়ে নিতে পারেন।
পায়ের যত্ন নিন
বর্ষায় রাস্তার পানি ও কাদার সংস্পর্শে পা সবচেয়ে বেশি আসে। এই পানিতে বিভিন্ন ধরনের জীবাণু থাকতে পারে, যা ত্বকে সংক্রমণ বা ছত্রাকজনিত সমস্যা তৈরি করতে পারে।
তাহলে বাড়ি ফিরে সাবান দিয়ে পা ভালোভাবে ধোয়া উচিত। বিশেষ করে পায়ের আঙুলের ফাঁক ও নখের কোণ পরিষ্কার করা জরুরি।
বর্ষাকালে দ্রুত শুকিয়ে যায় এমন জুতা ব্যবহার করা যেতে পারে। কর্মস্থলে অতিরিক্ত মোজা ও জুতা রাখলে হঠাৎ বৃষ্টিতে ভিজে যাওয়ার পরও সেগুলো বদলে নেওয়া সহজ হবে।
পান করুন গরম পানীয়
বৃষ্টিতে ভিজে শরীর ঠান্ডা হয়ে গেলে হালকা গরম পানীয় আরাম দিতে পারে। আদা, তুলসি, লবঙ্গ বা দারচিনি দিয়ে তৈরি চা শরীরকে উষ্ণ রাখার পাশাপাশি স্বস্তি দিতে পারে।
চা বা কফি হাতের কাছে না থাকলে এক গ্লাস হালকা গরম পানিও পান করতে পারেন। এতে শরীরের ভেতরটা উষ্ণ রাখতে সাহায্য করবে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবারের দিকে নজর দিন।
বর্ষায় সুস্থ থাকতে খাবারের দিকেও নজর দেওয়া জরুরি। প্রতিদিনের খাবারে ভিটামিন সি সমৃদ্ধ ফল রাখা যেতে পারে। যেমন—পাতিলেবু, কমলা, মাল্টা, আমলকি, পেয়ারা ও আনারস।
ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় রাখতে সাহায্য করে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান, পুষ্টিকর খাবার খাওয়া এবং পর্যাপ্ত ঘুমও শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ।
বৃষ্টিতে ভিজলেই অসুস্থ হবেন, এমন নয়
বৃষ্টিতে ভিজলেই যে সর্দি-কাশি বা জ্বর হবে, এমন নয়। তবে ভিজে যাওয়ার পর দীর্ঘ সময় ভেজা পোশাকে থাকা, শরীরের যত্ন না নেওয়া অথবা অপরিষ্কার পানি ও কাদার সংস্পর্শে থাকার কারণে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।
সুতরাং হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। দ্রুত ভেজা পোশাক বদলে ফেলুন, শরীর ও চুল ভালোভাবে শুকিয়ে নিন, পা পরিষ্কার করুন এবং প্রয়োজনমতো হালকা গরম পানীয় পান করুন। সামান্য কিছু সতর্কতাই বর্ষার অনিয়মিত আবহাওয়ায় সুস্থ থাকতে সাহায্য করতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন