প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানী ঢাকায় টানা ভারী বৃষ্টির কারণে গুলশান-শাহজাদপুর লিংক রোডের একটি অংশ ধসে পড়েছে। পানির তীব্র চাপ এবং দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতার কারণে সড়কের নিচের মাটি সরে গিয়ে এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে। এর ফলে ওই সড়কে যান চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সোমবার (১৩ জুলাই) সকালে যখন ঘটনাস্থলে যান, তখন দেখা যায় যে, ধসে যাওয়া অংশ ঘিরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঝুঁকিপূর্ণ অংশকে এড়িয়ে যানবাহন ধীরগতিতে চলছে। এর ফলে সড়কটিতে তীব্র যানজটও সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত স্থানটি পরিদর্শন করে দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে। জনসাধারণকে বিকল্প সড়ক ব্যবহার এবং ঝুঁকিপূর্ণ অংশে সতর্কতার সঙ্গে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।
গুলশান-শাহজাদপুর লিংক রোডে ধসের এই ঘটনা ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে ব্যাপক জনদুর্ভোগের চিত্র দেখা গেছে। অনেক সড়কেই হাঁটুসমান পানি জমে থাকায় যানবাহনের গতি কমে গেছে। এই পরিস্থিতিতে দীর্ঘ সময় ধরে যানজটে আটকে থাকতে হচ্ছে জনসাধারণকে।
এদিকে, দেশে টানা বর্ষণে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের আমবাগান এলাকায় সর্বোচ্চ ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
রাজধানী ঢাকায়ও ভারী বৃষ্টি হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল ৬টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় মোট ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজকের পর থেকে আগামী ১৫ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা ধীরে ধীরে কমতে পারে। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে ১৬ জুলাই থেকে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, পুরো জুলাই মাসজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, তবে সময় ও স্থানভেদে এটি পরিমাণ ও তীব্রতায় তারতম্য ঘটতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন