প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যশোরের মনিরামপুরে ফজরের নামাজ পড়াতে যাওয়ার সময় দুর্বৃত্তদের হামলায় আমানুল্লাহ (৫২) নামে একজন ইমাম মারাত্মকভাবে আহত হয়েছেন। এ সময় দুর্বৃত্তরা তার ব্যবহৃত মোটরসাইকেলটি লুট করে নেয়। আহত ইমাম বর্তমানে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২১৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার হেলাঞ্চি ইউনিয়ন পরিষদ ভবনের পাশে রাস্তায় এই ঘটনাটি ঘটে। আহত আমানুল্লাহ স্থানীয় কৃষ্ণবাটি গ্রামের আব্দুল গফুরের সন্তান এবং তিনি হেলাঞ্চি বাজার মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ বলেছেন, ‘আমানুল্লাহ আজ ভোরে নিজের মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে হেলাঞ্চি বাজার মসজিদে নামাজ পড়াতে আসছিলেন। এমন সময় দুর্বৃত্তরা রড দিয়ে পিটিয়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। আমি খবর পেয়ে মনিরামপুর হাসপাতালে গিয়ে ইমামকে দেখতে গিয়েছিলাম।’
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আলেক উদ্দিন জানিয়েছেন, সকাল ৬টা ২০ মিনিটে আমানুল্লাহ নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। তার মাথা সহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
খেদাপাড়া ক্যাম্প পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, ‘আহত ইমামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন