প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল লক্ষ্মীপুরের রায়পুরে মাটির নিচে পুঁতে রাখা ১১টি শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা নিষ্ক্রিয় করেছে। বোমাগুলোর মধ্যে ছয়টি বড় এবং পাঁচটি ছোট ছিল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামে বিল্লাল বেপারীর খেয়াঘাটের উত্তর পাশে একটি ফাঁকা ফসলি জমিতে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামে সাইফুল ইসলাম সুজন নামের এক যুবকের ভাড়া বাসা থেকে গত ৯ নভেম্বর বোমা তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। পরদিন, ১০ নভেম্বর, ভাড়া নেওয়া ওই বাড়ির উঠানের মাটির নিচে খোঁড়া গর্ত থেকে বোমাভর্তি দুটি টিনের কৌটা উদ্ধার করা হয়। এরপর সেগুলো পুলিশ পাহারায় রাখা হয়। আদালতের নির্দেশে বিষয়টি ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলকে জানানো হয়। বুধবার রাতে সেলের চার সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে কৌটাগুলোর ভেতরে একাধিক শক্তিশালী আইইডি বোমার অস্তিত্ব নিশ্চিত করে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সুজনসহ কয়েকজন যুবক প্রায় দুই মাস ধরে ওই বাড়িতে ভাড়া থাকতেন। তারা বাড়ির চারপাশে বাঁশ ও সুপারির পাতা দিয়ে ঘন বেষ্টনী তৈরি করেছিলেন। বাড়ির আশপাশে যাতে কেউ যেতে না পারে, সে ব্যবস্থাও ছিল। প্রতিবেশীদের সঙ্গে তাদের তেমন যোগাযোগ ছিল না, ফলে স্থানীয়রা তাদের ভালোভাবে চিনতেন না।
এর আগে, গত ৩ নভেম্বর রাতে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসের হাট বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। পরে বিএনপি নেতা ওবায়দুল্লাহসহ তিনজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় সুজনকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেন। পরদিন, তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সুজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় আরো সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজী এবং তার ছেলে উপজেলা কৃষকদলের সাবেক সদস্যসচিব শামীম গাজীও রয়েছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূইয়া জানিয়েছেন, তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় সুজনকে আটক করে পরে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার ভাড়া বাসা থেকে বোমা তৈরির সরঞ্জাম এবং একই বাড়ির উঠান থেকে ১১টি বোমাভর্তি দুটি টিনের কৌটা উদ্ধার করা হয়। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল বোমাগুলো নিষ্ক্রিয় করেছে। বিশেষজ্ঞ দল এগুলো শক্তিশালী আইইডি বোমা বলে নিশ্চিত করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন