প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টানা কয়েক দিনের শ্রমিক আন্দোলন ও অস্থিরতার পর আজ (বৃহস্পতিবার) সকাল থেকে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে কর্মচাঞ্চল্য পুনরায় ফিরে এসেছে। সকাল থেকেই শ্রমিকরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করেছেন।
সরেজমিনে সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্পাঞ্চলে পরিদর্শন করে দেখা গেছে, সকাল থেকে শ্রমিকরা দলবদ্ধ হয়ে কারখানার দিকে আসছেন এবং কোনো ধরনের বাধা বা বিশৃঙ্খলা ছাড়াই কর্মস্থলে প্রবেশ করছেন। শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানাগুলোর সামনে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যদের টহল দিতে দেখা গেছে।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানান, আজ সকাল থেকে শ্রমিকরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করেছেন। শিল্পাঞ্চলের কোথাও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
যদিও পরিস্থিতি স্বাভাবিক থাকলেও শিল্পাঞ্চলের বেশ কিছু কারখানা এখনো বন্ধ রয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা মোতাবেক (কাজ নেই, মজুরি নেই ভিত্তিতে) ২৯টি কারখানা বন্ধ রাখা হয়েছে। এছাড়া কর্তৃপক্ষের সাধারণ নোটিশের মাধ্যমে আরও ১০টি কারখানা বন্ধ রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি এবং শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে পুরো শিল্পাঞ্চলে বর্তমানে শান্ত ও স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন