প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফেনীর পরশুরামের মুহুরী নদীতে গোসল করতে গিয়ে সাকিব (২২) নামের এক যুবক নিখোঁজ হয়ে গেছেন। শনিবার (৪ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার সময় উপজেলার চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা জঙ্গলঘোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ সাকিব চট্টগ্রাম থেকে ওই গ্রামে তাঁর খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন। তিনি চট্টগ্রামের বাসিন্দা আলী হোসেনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সাকিব চট্টগ্রাম থেকে জঙ্গলঘোনা গ্রামে খালার বাড়িতে আসেন। শনিবার দুপুর ১টা ৩০ মিনিটের সময় স্থানীয় দুই নারীর সঙ্গে বাড়ির পাশে মুহুরী নদীতে গোসল করতে নেমেছিলেন তিনি। গোসলের একপর্যায়ে হঠাৎ করেই তিনি নদীর তীব্র স্রোতে তলিয়ে যান।
ঘটনার প্রত্যক্ষদর্শী মায়া আক্তার বলেছেন, 'সাকিব আমাদের সাথেই নদীতে গোসল করতে নেমেছিল। ও আমাদের চোখের সামনেই পানিতে একটা ডুব দিয়েছিল। এরপর দ্বিতীয়বার ডুব দেওয়ার পর আর পানি থেকে ওপরে ওঠেনি। আমরা তাৎক্ষণিকভাবে চিৎকার করে আশপাশের মানুষকে ডাকতে শুরু করি।'
পারিবারিক সূত্র থেকে জানা গেছে, নিখোঁজ যুবক সাকিব কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাঁর নানি বেগমেন্নেছা জানান, 'গতকালই নাতিটা চট্টগ্রাম থেকে বেড়াতে এল। আসার পর ঠিকমতো কথাও বলেনি, ভাত খেতে বললেও খায়নি। আজ দুপুরে নদীতে গোসল করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটল। ওর মা-বাবা সবাই চট্টগ্রামে থাকেন।'
এদিকে খবর পাওয়ার পরপরই পরশুরাম ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। তবে বিকেল পর্যন্ত নিখোঁজ যুবকের কোনো সন্ধান মেলেনি। নদী ভাঙন ও তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ বিঘ্নিত হচ্ছে বলে জানা গেছে।
পরশুরাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিক উদ্ধার তৎপরতা শুরু করি। তবে নদী থেকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি দলের প্রয়োজন। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে চট্টগ্রাম থেকে একটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা পৌঁছালেই পুরোদমে উদ্ধার অভিযান শুরু হবে।'
সন্ধ্যায় রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে নদীতে সন্ধান চালিয়ে যাচ্ছেন। ঘটনার পর থেকে পুরো জঙ্গলঘোনা গ্রামে ও নিখোঁজ সাকিবের স্বজনদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন