প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণ করার পর সৌদি আরব বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেওয়ার একটি ঘোষণা দিয়েছেন।
আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশের জন্য সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।
বৈঠকের সময় সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে নতুন সরকারের সাথে রাজনীতি, অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে সৌদি আরবের গভীর আগ্রহ প্রকাশ করেন।
এছাড়া তিনি উল্লেখ করেন, বাংলাদেশের শিক্ষা খাতে সৌদি আরবের সম্ভাব্য সহায়তার বিষয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। রাষ্ট্রদূত উল্লেখ করেন, সৌদি সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তির বরাদ্দ নিশ্চিত করেছে এবং তিনি ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই উদ্যোগের কথা জানিয়েছেন।
বৈঠকে আরও আলোচনা হয় সৌদি আরবে দক্ষ বাংলাদেশি জনশক্তি রপ্তানির সুযোগ সম্প্রসারণ, সৌদি শ্রমবাজারে প্রবেশাধিকার সহজ করাসহ নিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান পদ্ধতিগত জটিলতা দূর করার বিষয়েও।
এছাড়া, দুই পক্ষ হজ ও ওমরাহ, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ জোরদার করার এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো অন্বেষণ করার বিষয়ে মতবিনিময় করেন।
বৈঠকে উল্লেখ করা হয়, বর্তমানে সৌদি আরবে ৩৮ লাখ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সৌদি আরবের অর্থনীতি ও উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের পাঠানো রেমিট্যান্সও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উভয় পক্ষই দুই দেশের মধ্যে অংশীদারিত্ব ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় সৌদি প্রতিনিধিদলে ভাইস অ্যাম্বাসেডর খালিদ সাঈদ এম. আল হাদাল এবং ডেপুটি হেড অব দ্য কনসুলার সেকশন মুহাম্মদ ফাহাদ ধি. আল সুহাইমি আরও উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন