প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের বিষয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দ্বন্দ্ব আরও তীব্র হচ্ছে। গত চার দিন ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এর মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালিটির নিয়ন্ত্রণ কখনোই ছাড়বে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছে ইরান।
দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলি আকবর বেলায়াতি বলছেন, "বিশ্বের কোনো শক্তিও হরমুজ প্রণালির ওপর থেকে তেহরানের মালিকানা কেড়ে নিতে পারবে না।"
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে সাবেক এই শীর্ষ কূটনীতিক আরও বলেন, ‘হরমুজ প্রণালি ইরানেরই অংশ। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সাহসী এবং বিচক্ষণ নির্দেশের মাধ্যমে এই প্রণালি ইরানের নিয়ন্ত্রণে এসেছে। ৪০ দিনের যুদ্ধে এটি একটি মূল্যবান অর্জন।’
গত কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাচ্ছে। ওয়শিংটনের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য ইরান যেন আর হুমকি সৃষ্টি করতে না পারে, তার জন্যই এই হামলা চালানো হচ্ছে। এর আগে ইরান ওই গুরুত্বপূর্ণ নৌপথের বিকল্প রুট ব্যবহার করে কিছু তেলবাহী জাহাজে হামলা চালিয়েছিল।
যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে আক্রমণ করছেন ইরানের সৈন্যরা, যার মধ্যে বাহরাইন ও কুয়েতে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাও রয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্র যদি ইরানের অবকাঠামোতে হামলা চালায়, তবে ওয়াশিংটনের মিত্র উপসাগরীয় দেশগুলোর অবকাঠামো গুঁড়িয়ে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম যুল্ফাগারি এক বিবৃতিতে বলেন, "যদি ট্রাম্প তার হুমকি বাস্তবায়নের চেষ্টা করেন, তাহলে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী এই অঞ্চলের সব অবকাঠামো এমনভাবে গুঁড়িয়ে দেবে যে, সেগুলোর আর কোনো চিহ্নও থাকবে না।"
তিনি আরও বলেছেন, ইরান হরমুজ প্রণালিতে মার্কিন হস্তক্ষেপ বরদাস্ত করবে না। কোনো অবস্থাতেই এবং কোনোভাবেই আমরা আমেরিকাকে, একটি বিদেশি এবং আঞ্চলিক বাইরের দেশ হিসেবে, হরমুজ প্রণালিতে হস্তক্ষেপ করতে দেব না। এটি ইরানের চূড়ান্ত রেড লাইন।
তথ্যসূত্র: আল জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন