প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরে অটোরিকশার ব্যাটারি চুরি সংক্রান্ত বিষয়ের কারণে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করার অভিযোগ উঠেছে। রবিবার দুপুরের সময় গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন ৪১নং ওয়ার্ডের খিলগাঁও কলেজপাড়া এলাকায় এই অনভিপ্রেত ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জুয়েল রানা (২৫), যিনি খিলগাঁও কলেজপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে স্থানীয়ভাবে একটি সালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জুয়েল রানাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগ রয়েছে, তিনি জরিমানার অর্থ পরিশোধ করার পরও বিষয়টি নিষ্পত্তি হয়নি।
স্থানীয়দের বক্তব্য, রবিবার দুপুরে কিছু যুবক জুয়েলকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দ্বারা আঘাত করা হয়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘটনা ঘটার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আতিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে অটোরিকশার ব্যাটারি চুরিকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে। তবে তিনি আরো জানান, ব্যাটারি চুরির অভিযোগের পাশাপাশি মাদক-সংক্রান্ত বিরোধের কারণে এ ঘটনাটি হয়ত ঘটতে পারে। ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি অপরাধীদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রাখার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। এ ব্যাপারে বিকেল পর্যন্ত কেউ কোন অভিযোগ দায়ের করেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন