প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কক্সবাজারের টেকনাফে দিনের বেলায় একটি ব্যস্ত মহাসড়কে সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতির একটি ঘটনা ঘটেছে। ডাকাতরা পেরেকযুক্ত কাঠ ফেলে একজোট হয়ে ব্যারিকেড সৃষ্টি করে একটি যাত্রীবাহী বাসে ডাকাতি করে। তাদের মুখোশ পরে থাকা ডাকাতরা বাসটিকে থামিয়ে যাত্রীদের জিম্মি করে নগদ ৫৭ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এর সঙ্গে তারা বিভিন্ন মোবাইল ফোন এবং অন্যান্য মূল্যবান মালামালও হাতিয়ে নেয়। আতঙ্ক সৃষ্টি করার জন্য ডাকাতরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং এ সময় এক যাত্রী গুরুতর আহত হন। ঘটনার পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার (২ আগস্ট) দুপুরে টেকনাফের দমদমিয়া-সংলগ্ন ১৪ নম্বর সেতু এলাকায় এই ঘটনা ঘটে। আহত মো. আল আরমান (২৫) টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা। প্রথমে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফ থেকে কক্সবাজারগামী পালকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস যখন দমদমিয়া-সংলগ্ন এলাকা পৌঁছায়, তখন আগে থেকেই ওঁত পেতে থাকা সশস্ত্র ডাকাতরা সড়কে পেরেকযুক্ত কাঠ ফেলে বাসটির গতিরোধ করে। বাসটি থামামাত্রই ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে তাদের সর্বস্ব লুট করতে শুরু করে। অভিযোগ আছে যে ডাকাতরা বিকাশের এজেন্ট বা কর্মীদের কাছ থেকে ৫৭ লাখ টাকা লুট করে।
এই ঘটনার পর ভুক্তভোগীরা টেকনাফ থানায় একটি এজাহার দায়ের করেছেন। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, হঠাৎ করে গুলির বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে এক যুবককে ছুরিকাঘাতে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং কোস্ট গার্ড সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সড়কে ফেলে রাখা ব্যারিকেড অপসারণ করে আলামত হিসেবে জব্দ করা হয়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুরাইয়া জান্নাত জানান, আহত মো. আল আরমানের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে কিন্তু উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ডাকাতির খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে অভিযান শুরু করে। এই ঘটনার পর একজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। বিকাশ কর্মীর কাছ থেকে ৫৭ লাখ টাকা লুটের বিষয়ে এজাহার দেওয়া হয়েছে। ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়দের দাবি, টেকনাফ-কক্সবাজার মহাসড়কে সাম্প্রতিক সময়ে বিচ্ছিন্নভাবে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে। তারা জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে মহাসড়কে নিয়মিত টহল এবং নজরদারি জোরদার করার পাশাপাশি ডাকাতচক্রের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন