প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ডিজিটাল সাংবাদিকতার মতো আধুনিক বিষয়গুলোর ওপর নিয়মিত ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেছেন বিভিন্ন বেসরকারি টেলিভিশনের সম্পাদক, বার্তা প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিকরা।
শনিবার দুপুরে ডিআরইউ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় সংগঠনের কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে তারা তাদের মতামত প্রকাশ করেন।
তারা উল্লেখ করেন যে, সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক, এবং সদস্যবান্ধব করতে হবে। এর জন্য সদস্যপদের মধ্যে স্বচ্ছতা, জবাবদিহি এবং নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রকৃত পেশাদার সাংবাদিকদের অগ্রাধিকার দিয়ে বিতর্কমুক্ত সদস্যপদ প্রদান, সংগঠনের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং নিজস্ব অবকাঠামো গড়ে তোলার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। স্বাগত বক্তব্য দেন সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম এবং সাংগঠনিক সম্পাদক এম এম জসিম।
এনটিভির হেড অব নিউজ ফখরুল আলম কাঞ্চন সভায় বলেন, সংগঠনের প্রতিটি সিদ্ধান্তে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। তিনি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মসূচি পরিচালনার প্রয়োজনীয়তা নিয়ে মন্তব্য করেন।
আরটিভির হেড অব নিউজ এবং ডিআরইউর সাবেক সভাপতি ইলিয়াস হোসেন মোবাইল জার্নালিজম প্রশিক্ষণের আওতা বাড়ানোর পাশাপাশি ডিআরইউ কমপ্লেক্স নির্মাণ এবং কমিটির মেয়াদ দুই বছর করার বিষয়টি বিবেচনার আহ্বান জানান।
চ্যানেল আইয়ের হেড অব নিউজ জাহিদ নেওয়াজ জুয়েল বলেন, সময়ের চাহিদা অনুযায়ী ডিআরইউ ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে এআই, অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্য যাচাই, ডেটা জার্নালিজম এবং অন্যান্য আধুনিক বিষয়গুলোতে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত। তিনি শিশুদের জন্য সংবাদ-সাক্ষরতা (নিউজ লিটারেসি) কর্মসূচি চালু ও এর জন্য সরকারি সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন।
মাই টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল সাংবাদিকদের জন্য এআই, ইংরেজি ও চীনা ভাষার শিক্ষার উদ্যোগ ও ডিআরইউ কমপ্লেক্স নির্মাণ এবং পেশাগত মানদণ্ড নির্ধারণের ওপর গুরুত্ব দেন।
এটিএন নিউজের হেড অব নিউজ শহিদুল আজম বলেন, সংখ্যার চেয়ে মানসম্মত কর্মসূচিকে অগ্রাধিকার দিতে হবে। তিনি পেশাগত উন্নয়ন, এআই এবং স্বাস্থ্যবিষয়ক কর্মসূচি সম্প্রসারণের সুপারিশ করেন।
একুশে টিভির হেড অব নিউজ হারুন-উর রশীদ বর্তমান কমিটির এক বছরের কার্যক্রমের প্রশংসা করে, সংগঠনের নিজস্ব আয় বৃদ্ধি, সদস্য চাঁদা পুনর্বিবেচনা এবং কমিটির মেয়াদ দুই বছর করার প্রস্তাব দেন।
ইনডিপেনডেন্ট টিভির হেড অব নিউজ মোস্তফা আকমল বলেন, সদস্যপদ প্রদানে নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি উন্নতমানের প্রেস রিলিজ প্রণয়ন এবং ডিজিটাল সাংবাদিকতার ওপর অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
গ্রিন টিভির হেড অব নিউজ মাহমুদ হাসান উন্নতমানের ভিডিও কনটেন্ট ও প্রেস রিলিজ নিশ্চিত করার পাশাপাশি সদস্যপদের প্রদানে বিতর্ক এড়িয়ে চলার ওপর গুরুত্ব দেন।
বৈশাখী টিভির হেড অব নিউজ এবিএম জিয়াউল কবির সুমন অনুষ্ঠান নির্ধারিত সময়ে শুরু করার ওপর গুরুত্ব দেন এবং ভাষা প্রশিক্ষণ ও অনলাইন সাংবাদিকতায় বিশেষায়িত কোর্স চালুর প্রস্তাব করেন।
সময় টিভির হেড অব নিউজ মুজতবা খন্দকার বলেন, সাংবাদিকদের জন্য একটি পূর্ণাঙ্গ ডিআরইউ কমপ্লেক্স নির্মাণের পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
দীপ্ত টিভির হেড অব নিউজ এস এম আকাশ উচ্চারণ ও উপস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ এবং ডিআরইউ লাইব্রেরিকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান। মাছরাঙা টিভির হেড অব নিউজ হামিদুল হক জানান, সদস্যপদ প্রদানে কঠোর যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্ব দিতে হবে।
বাংলা টিভির হেড অব নিউজ এম এম বাদশাহ বলেন, গুরুত্বপূর্ণ কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে সংবাদভিত্তিক আয়োজন বাড়ানোর পাশাপাশি মোবাইল জার্নালিজম প্রশিক্ষণ সম্প্রসারণের আহ্বান জানান। এসএ টিভির হেড অব নিউজ জাহিদুর রহমান খান সদস্যদের নিয়ে নিয়মিত অনানুষ্ঠানিক মতবিনিময় সভার প্রস্তাব রাখেন।
মোহনা টিভির সিএনই সুমন মুস্তাফিজ এবং নাগরিক টিভির সিএনই নবিন হোসাইন আর. মালেক সংগঠনের আর্থিক সক্ষমতা বাড়াতে নতুন আয়ের উৎস সৃষ্টি ও সদস্য চাঁদা পুনর্বিবেচনার পরামর্শ দেন। ডিবিসি নিউজের সিএনই শাহাবুদ্দীন চৌধুরী এআইসহ আধুনিক সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণের পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দেন। বাংলাভিশনের ডেপুটি হেড অব নিউজ মোস্তফা কামাল প্রশিক্ষণের গুণগত মান আরও উন্নত করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, অংশগ্রহণকারী সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের পরামর্শ সংগঠনের জন্য অত্যন্ত মূল্যবান। তিনি বলেন, ডিআরইউকে আরও শক্তিশালী, আধুনিক ও সদস্যবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে এসব সুপারিশ গুরুত্বের সঙ্গে বাস্তবায়নের চেষ্টা চলবে।
সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, বর্তমান কার্যনির্বাহী কমিটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সদস্যদের কল্যাণ এবং সাংবাদিকতার মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানিয়ে দেন, মতবিনিময় সভায় প্রাপ্ত সুপারিশগুলো ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হবে।
সভায় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেলসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন