প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নীতিগত স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী মো. নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে। একই সঙ্গে, তাকে সংসদ সদস্য পদ ছাড়ার জন্য অনুরোধ করা হয়েছে। দলটি জানিয়েছে, যদি তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তবে তার সংসদ সদস্য পদ বাতিলের জন্য স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দেবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বুধবার (২২ জুলাই) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেছেন, গাজী নজরুল ইসলাম বর্তমানে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত নন। এতে তিনি জামায়াতের এমপি হিসেবেও গণ্য হবেন না। দলটি এ বিষয়ে আইনগত সকল ধরণের পদক্ষেপ নেবে।
এর আগে, বিকেল চারটায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত বিবৃতিতে বহিষ্কারের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে পরিচালিত সাংগঠনিক তদন্তে গাজী নজরুলের নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। এ কারণে দলের গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলেও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন