প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালে গোসলে নেমে নিখোঁজ হয়ে যাওয়ার ৪৪ ঘণ্টা পর স্কুলছাত্রী জামিলার (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে নিখোঁজ হওয়া স্থান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে আড়িয়াল খাঁ নদের নন্দীর বাজার এলাকায় তার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (৩ জুলাই) দুপুরে মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে গোসল করতে গিয়ে জামিলা নিখোঁজ হয়ে যায়।
মৃত জামিলা পটুয়াখালীর বাউফলে কেশবপুর গ্রামের শাহাবুদ্দিন দেওয়ানের মেয়ে ছিলেন। তিনি ঢাকার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। গত বৃহস্পতিবার মায়ের সঙ্গে মুলাদীর চরকালেখান ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে নানা ছালাম হাওলাদারের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে জামিলা তার ছোট বোন জান্নাতের সঙ্গে বাড়ির পাশের জয়ন্তী নদীতে গোসল করতে নামে। তারা সাঁতার না জানায় অল্প পানিতেই গোসল করছিল। কিন্তু একপর্যায়ে জামিলা পা পিছলে গভীর পানিতে পড়ে স্রোতে তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে গিয়ে ছোট বোন জান্নাতও পানিতে ডুবে যাচ্ছিল। এ সময় স্থানীয় এক পথচারী বিষয়টি দেখে তাৎক্ষণিক জান্নাতকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও জামিলা নিখোঁজ হয়ে যায়।
এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার বিকেল পর্যন্ত নদীতে উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়ে ফিরে যায়।
পরে রোববার সকালে বালুবাহী একটি ট্রলারের শ্রমিকেরা নন্দীরবাজার এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ স্বজনদের খবর দিলে তারা অবশেষে নিখোঁজ জামিলার মরদেহ শনাক্ত করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন