প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর উদ্ধার করেছে রেক্টামে লুকানো চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু এবং অন্তর্বাসের কাপড়ে মাখানো পেস্টসহ প্রায় এক কেজি স্বর্ণসদৃশ বস্তু। অধিদফতরের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, এগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।
রোববার (১৫ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসেন হাসান মিয়া নামের ওই যাত্রী, যিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বসবাস করেন।
এক্স-রে পরীক্ষায় যাত্রীর রেক্টামে স্বর্ণসদৃশ বস্তু লুকানো থাকার বিষয়টি শনাক্ত হয়। পরে কর্মকর্তারা তার রেক্টাম থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করেন। এছাড়া, তার পরিহিত অন্তর্বাসের কাপড়ে আনুমানিক ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট মাখানো অবস্থায় পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা বস্তুর মোট ওজন প্রায় এক হাজার গ্রাম।
তবে, এসব বস্তু থেকে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিশোধন প্রক্রিয়া শেষে এ বিষয়ে চূড়ান্ত তথ্য পাওয়া যাবে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের প্রাথমিক ধারণা হলো, এ ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ আন্তঃদেশীয় চোরাচালান চক্রের সম্পৃক্ততা থাকতে পারে। অধিদফতর চক্রটি শনাক্ত করতে এবং এর নেপথ্যে জড়িতদের খুঁজে বের করতে দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তাও নেয়া হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন