প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নড়াইল সদরের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উজির আলী (৩৪) ছুরিকাঘাতের মাধ্যমে আহত হয়েছেন। এই ঘটনায় অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের অফিস সহকারীর বিরুদ্ধে। বর্তমানে আহত প্রধান শিক্ষক জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে শহরের নড়াইল কালেক্টরেট স্কুলে ঘটনার সূত্রপাত ঘটে। আহত উজির আলী নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের রতন মোল্যার ছেলে।
পুলিশ ও বিদ্যালয়ের সূত্রে জানা যায়, রোববার দুপুরে অভিভাবকরা কালেক্টরেট স্কুলে শিক্ষার্থীর বেতন পরিশোধের জন্য গিয়েছিলেন। এই সময়ে বিদ্যালয়ের অফিস সহকারী রাকিব হোসেন অন্তর, বেতন না নিয়েই, বেশ কয়েকজন অভিভাবকের সঙ্গে দুর্ব্যবহার করেন। প্রধান শিক্ষক যখন এই ঘটনা জানতে পেরে অফিস সহকারীর কাছে কারণ জানতে চান, তখন তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।
প্রধান শিক্ষক রুম থেকে বেরিয়ে যেতে চাইলে অফিস সহকারী অন্তর, উপর্যুপরি ছুরিকাঘাত করেন। পরবর্তীতে আহত অবস্থায় শিক্ষকরা প্রধান শিক্ষকে জেলা হাসপাতালে নিয়ে যান।
জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, প্রধান শিক্ষক উজির আলীর হাতে, মুখে এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ঘটনা জানতে পেরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ভুক্তভোগী প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছি। অভিযুক্ত রাকিব হোসেন অন্তরকে ধরার জন্য অভিযান অব্যাহত আছে। পাশাপাশি, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন